ডেঙ্গু হয়েছে সৃজিতের
ফেইসবুকে পোস্ট দিয়ে সৃজিত নিজেই জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি।
কদিন আগে শোনা গিয়েছিল, শরীর ভালো নেই কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির। এবারে নির্মাতা নিজেই জানালেন তার শরীর খারাপের কারণ।
ফেইসবুকে এক পোস্ট দিয়ে সৃজিত জানিয়েছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি।
নিজের ‘অটোগ্রাফ’ সিনেমার জনপ্রিয় গান ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’ এর কথা বদলে দিয়ে সৃজিত লিখেছেন
‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কমে যায় তাই প্লেটলেট...#কনফার্ম।’
সৃজিতের ডেঙ্গু হওয়ার খবরে উদ্বিগ্ন টালিগঞ্জের অভিনয় শিল্পী, সতীর্থ, অনুরাগীরা।
অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন মন্তব্যের ঘরে লিখেছেন, “টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশি করি।“
উত্তরে পরিচালক পাল্টা লিখেছেন, “এখনই নয়, প্লেটলেট চেক করে, তারপর বাক্স গুছাব ভাবছি।”
অপর্ণা সেন আবারও লেখেন, “সৃজিত মুখার্জি আমি নিশ্চিত আপনি ভালো থাকবেন এবং আপনার মাও একজন ডাক্তার। তবু যেখানে প্লেটলেট গণনা জড়িত, সেখানে সতর্কতার দিক থেকে ভুল না করাই ভালো।“
আরও অনেকেই পরিচালকের অসুস্থতার খবরে তার আরোগ্য কামনা করেছেন।
অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় লিখেছেন, “তারও ডেঙ্গু হয়েছিল, শনিবার রিপোর্ট নেগেটিভ এসেছে।“
এর আগে ফেইসবুকে সৃজিতের দেওয়া পোস্টে সমস্যার আভাস মিলেছিল।
সৃজিত লিখেছিলেন, “অন্ধকার নামছে, এতই ঘন যে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না।”
নির্মাতার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হিন্দুস্তান টাইমসকে বলেন, “বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।”
গত জুন মাসেও অসুস্থ হয়ে পড়েছিলেন সৃজিত। বুকে ব্যথা হওয়ায় তাকে এনজিওগ্রাম করাতে বলেছিলেন চিকিৎসকরা। কিন্তু পরীক্ষায় কিছুই ধরা পড়েনি।
সম্প্রতি ‘দশম অবতার’ সিনেমার শুটিং শেষ করেছেন সৃজিত। পাঁচ বছর পর ফের সৃজিতের সঙ্গে কাজ করেছেন জয়া আহসান। এটি মূলত সৃজিতের এক যুগ আগের সিনেমা ‘২২শে শ্রাবণ’ সিনেমার প্রিক্যুয়েল।
সিনেমার মূল চরিত্র পুলিশ কর্মকর্তা প্রবীর রায়চৌধুরী হয়ে ফিরছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
আরো থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, যিনি ‘ভিঞ্চি দা’ সিনেমার পুলিশ কর্মকর্তা এসিপি পোদ্দার হয়েছিলেন। এছাড়া সৃজিতের আরও কয়েকটি সিনেমায় কাজ করা যিশু সেনগুপ্তকে দেখা যাবে ‘দশম অবতার’ এ।
‘দশম আবতার’ এবার পূজায় মুক্তির কথা রয়েছে।
পুরনো খবর:
