Published : 10 Oct 2023, 04:05 PM
নিজের ৮১তম জন্মদিন কৌন বনেগা ক্রোড়পতির সেটে আগামী বুধবার উদযাপন করবেন অমিতাভ বচ্চন।
সম্প্রতি জন্মদিন উপলক্ষে কেবিসি টিমের পক্ষ থেকে আয়োজিত সারপ্রাইজের ঝলক প্রকাশ্যে এসেছে। আর তা দেখেই আবেগ ধরে রাখতে পারেননি বিগ বি।
হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে, নিজের জন্মদিনকে ঘিরে এত আয়োজন, এত উন্মাদনা দেখেই আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেছেন অমিতাভ।
চোখ মুছতে মুছতেই অমিতাভ বলেন, “আর কত কাঁদাবেন আপনারা? আমি লোকজনকে টিস্যু পেপার দেই, অথচ আজ আমারই অবস্থা নাজেহাল।”
অভিনেতাকে বলতে শোনা গেল, “এই মঞ্চে আমার জন্মদিনের যে সেলিব্রেশন হবে, সেটা অতি উত্তম।”
অমিতাভের এই কথা শুনে সবাই করতালি দিয়ে উঠেন।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, এই বিশেষ দিনে হাজির হবেন পদ্মবিভূষণ ওস্তাদ আমজাদ আলি খান। তিনি বিগ বি-র জন্য সারোদে ঝংকার তুলবেন। এছাড়ও চিরঞ্জীবী, অনুপম খের, বিদ্যা বালান, ভিকি কৌশল, আর মাধবনের মতো তারকারা ভিডিও বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানাবেন অমিতাভকে। সঞ্চালককের ভূমিকায় থাকবেন এই সিজনের বিজয়ী জসকরণ।
এমনকি ভারতীয় আর্মির সোশ্যাল সার্ভিস টিম পক্ষ দেশের উন্নয়নের স্বার্থে অমিতাভের অবদানকে কুর্নিশ জানাবার পাশাপাশি তার জন্য বিশেষ বার্তাও রাখবেন।
প্রতি সোম থেকে শুক্রবার রাত ৯টায় সোনি টিভিতে সম্প্রচারিত হয় কৌন বনেগা ক্রোড়পতি।