০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

কেবিসি: চোট নিয়েই মঞ্চে অমিতাভ, বিরতি ‘পছন্দ নয়’

“শুটিংয়ের সময় আমি পিছলে পড়ে যাই।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 11:01 AM

Updated : 02 Oct 2026, 11:01 AM

বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুরুটা করে মঞ্চে দাঁড়িয়ে। তবে এবার তাকে বসে কথা বলেছেন।

এর কারণ হাঁটুতে চোট পেয়েছেন তিনি; তবুও অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সিজন ১৮-এর শেষ পর্বের শুটিং তিনি করেছেন বসা অবস্থায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অমিতাভ বলেন, “সাধারণত আমি মঞ্চের মাঝখানে দাঁড়িয়েই আমার সংলাপ বলি। কিন্তু হাঁটুতে চোট পেয়েছি।”

কীভাবে চোট পেয়েছেন, তা জানাতে গিয়ে তিনি বলেন, “শুটিংয়ের সময় আমি পিছলে পড়ে যাই এবং আমার হাঁটুতে ব্যথা লাগে।”

তবে আঘাত গুরুতর নয় বলে দর্শককে আশ্বস্ত করেছেন অভিনেতা। তার কথায়, চাইলে দাঁড়িয়ে কথা বলতে পারতেন। কিন্তু দাঁড়ানোর সময় তার একটু সমস্যা হচ্ছিল, তাই এ দিন বসেই অনুষ্ঠানটি শুরু করার সিদ্ধান্ত নেন অমিতাভ।

কাজের মধ্যে ‘বিরতি নেওয়া’ পছন্দ করেন না বলেও জানিয়েছেন বলিউডে মহাতারকা।

‘কৌন বনেগা কৌরপতি’র পাশাপাশি একাধিক কাজ রয়েছে তার হাতে। পরিচালক নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি ২’-এ ফের অশ্বত্থামার চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। চলতি মাস থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

অমিতাভের শুটিং সেটে চোট পাওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। ২০২৩ সালের মার্চে হায়দরাবাদে ‘কল্কি ২৮৯৮ এডি’-র একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তার পাঁজরের ডান দিকে চোট এবং পেশিতে টান লেগেছিল।

সেই সময় নড়াচড়া করা এবং শ্বাস নেওয়ার সময়ও ব্যথা হচ্ছিল বলে জানিয়েছিলেন অভিনেতা।

শুটিং বন্ধ রেখে তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল। সুস্থ হয়ে পরে ফের কাজে যোগ দেন তিনি।