১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গণিত ও পদার্থবিদ্যায় ৭৮, ইংরেজিতে ৫১: নম্বরপত্রটি কার

নম্বরপত্রে সর্বোচ্চ নম্বর ৯২।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 03:58 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

এক শিক্ষার্থীর সাড়ে তিন দশক আগের একটি নম্বরপত্র ঘুরছে ইন্টারনেটে, যা সাড়া ফেলেছে। কারণ ওই নম্বরপত্রটি বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খানের।

নম্বরপত্রটি বলছে, শাহরুখ অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নিয়েছেন দিল্লির হংসরাজ কলেজ থেকে। ১৯৮৫ থেকে ৮৮ সাল পর্যন্ত ওই কলেজে পড়েছেন কিং খান।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, নম্বরপত্রে শাহরুখের সর্বোচ্চ নম্বর ৯২। গণিত ও পদার্থবিদ্যায় পেয়েছেন ৭৮। আর ইংরেজিতে ৫১ নম্বর পেয়েছেন। 

নম্বরপত্রে শাহরুখের জন্ম তারিখও একেবারেই সঠিক, লেখা আছে ২ নভেম্বর, ১৯৬৫। অভিনেতার বাবার নামও লেখা রয়েছে সেখানে। সঙ্গে অভিনেতার ছবিও যুক্ত আছে।

সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ভক্তরা তাকে নতুন করে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। 

দিল্লি থেকে মুম্বাইয়ে এসে পাঁচ কি সাতটি সিনেমা করার বাসনা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে শাহরুখ ধীরে ধীরে বনে যান সুপারস্টার। ১৯৯২ সালের ২৫ জুন রাজ কুমার পরিচালিত ‘দিওয়ানা’ মুক্তি পায়। ওই সিনেমায় ধনী গায়ক ‘ববির’ চরিত্রে অভিনয় করেন শাহরুখ, তার নায়িকা ছিলেন দিব্যা ভারতী।

‘বাজিগর’, ডর’, ‘আনজাম’ সিনেমাগুলোতে অ্যান্টিহিরো রূপেও তরুণীদের হৃদয়ে প্রেমের শিহরণ জাগিয়ে তোলেন এই অভিনেতা।

১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা দিয়ে বলিউডের ইতিহাসে প্রেমের সিনেমার এক নতুন উপাখ্যান লেখেন শাহরুখ।

এরপরের বছরগুলোতে অন্য অনেক অভিনেতার মতই নানা ধরনের চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছেন তিনি। বলিউডের পরিবর্তন, ভালো-মন্দের সঙ্গে খাপ খাইয়েছেন। কখনও তার সাফল্যে বক্স অফিস ঝলমল করেছে, আবার একের পর এক ফ্লপ ছবি হতাশ করেছে ভক্ত-অনুরাগীদের।

কোভিড মহামারীর আগের কয়েক বছরে পরপর চারটি সিনেমা ফ্লপ হয়েছিল শাহরুখের। সেই চারটি সিনেমার ব্যর্থতায় শাহরুখ নিজেও বিরক্ত হয়ে বিরতি নিয়েছিলেন। এমনকি নতুন কোনো চিত্রনাট্যও শোনেননি ওই সময়।

মহামারীর পর ‘পাঠান’ দিয়ে শাহরুখের রাজসিক প্রত্যাবর্তন হয়। একই বছরে ‘জওয়ান’ সিনেমা করে নিজেকে নিয়ে যান সাফল্যের অন্য উচ্চতায়।

সে বছর ‘ডানকি’ সিনেমা করেও সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এই তিন সিনেমা দিয়ে শাহরুখ কেবল নিজের ‘জলে পড়া’ ক্যারিয়ারকেই ভাসিয়ে তোলেননি, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিওকে দেখান দিশা।

শাহরুখ খানের ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ দিয়ে। প্রায় ৩৫ বছর পরে ছোটপর্দায় ফিরছে 'ফৌজি ২'।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং ক্রিকেট বাণিজ্যের খাতাতেও অনেক বছর হল নাম লিখিয়েছেন কিং খান। দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখা বলিউড অভিনেতাদের একজন তিনি।

সিনেমার সংখ্যা এবং আয়ের দিক থেকেও শাহরুখ ভারতের শীর্ষ তারকাদের একজন। তাকে আগামী বছর দেখা ‘কিং’ সিনেমায়। সেখানে অভিনেতার মেয়ে সুহানা খান অভিনয় করছেন।