১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘জঙ্গলে মিতিন মাসি’র পোস্টার উন্মোচন হল চিড়িয়াখানায়

প্রয়াত লেখক সুচিত্রা ভট্টাচার্যের গল্প থেকে সিনেমাটি পর্দায় আনছেন নির্মাতা অরিন্দম শীল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 11:07 AM

Updated : 13 Aug 2023, 11:56 AM

গোয়েন্দা গল্পের সিনেমা ‘মিতিন মাসি’র সিক্যুয়েলের পোস্টার উন্মোচন করেছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক।

এ সিনেমাতেও প্রথমটির মত গৃহিনী কোয়েলকে প্রাইভেট ডিটেকটিভ প্রজ্ঞা পারমিতার ভূমিকায় দেখা যাবে। যিনি তার তীক্ষ্ণ বুদ্ধি ও পর্যবেক্ষণ ক্ষমতা কাজে লাগিয়ে রহস্য সমাধানে পারদর্শী।

সিক্যুয়েলের নাম ‘জঙ্গলে মিতিন মাসি’। প্রয়াত লেখক সুচিত্রা ভট্টাচার্যের গল্প থেকে সিনেমাটি পর্দায় আনছেন নির্মাতা অরিন্দম শীল।

আনন্দবাজার জানিয়েছে, সিনেমার পোস্টার প্রকাশ করা হয় শনিবার। তবে এই আয়োজনের জন্য ভিন্ন ধরনের একটি জায়গা বেছে নেয় প্রযোজনা কর্তৃপক্ষ।

‘বিশ্ব হাতি দিবস’এ কলকাতার আলিপুর চিড়িয়াখানায় হাতিদের কেক খাইয়ে সিনেমার পোস্টার প্রকাশ অনুষ্ঠানের সূচনা করেন কোয়েল। সঙ্গে ছিলেন পরিচালক অরিন্দম শীল এবং অন্য অভিনয় শিল্পীরা।

সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি দিতে চাইছেন অরিন্দম শীল। সেই লক্ষ্যে পোস্টার প্রকাশ করে দুই মাস আগে থেকে প্রচার শুরু হল ‘জঙ্গলে মিতিন মাসি’র।

কোয়েল জানান, কয়েক মাস আগে জঙ্গলে সিনেমার শুটিং শুরু হয়। সে সময় বন্যপ্রাণীদের সঙ্গে তাদের নানা ধরনের অভিজ্ঞতা হয়েছে। তাই এ অনুষ্ঠানের জন্য চিড়িয়াখানাকে বেছে নিয়েছেন তারা।

কোয়েল বলেন, “সিনেমার পোস্টার প্রকাশের জন্য এর থেকে ভালো দিন ও জায়গা আর কিছু হতে পারে না। আর জঙ্গলে মিতিন মাসি শুটিং করতে গিয়ে একটা অন্য রকম অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছি। আরও ভালো লাগছে পূজায় মুক্তি পাচ্ছে মিতিন। কারণ পূজায় বাংলা সিনেমা দেখতে যাওয়ার একটা আলাদা উত্তেজনা কাজ করে মানুষের মধ্যে।”

অরিন্দম বলেন, “সিনেমা এমন একটা মাধ্যম, যা দিয়ে গম্ভীর বার্তাও খুব সহজে দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়। এ সিনেমার মাধ্যমেও বণ্যপ্রাণী সংরক্ষণের বার্তা দেওয়ার চেষ্টা করেছি আমরা।”

চলতি বছর দুর্গাপূজায় কলকাতায় মুক্তি পাবে একগুচ্ছ বাংলা সিনেমা। কোয়েলের ‘জঙ্গলে মিতিন মাসি’ ছাড়াও ‘দেবের ‘বাঘাযতীন’, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পুরনো খবর

পুরানো খবর:

শুটিংয়ের ফাঁকে তীর্থ দর্শনে ‘মিতিন মাসি’

পুরানো খবর:

‘মিতিন মাসি’ হয়ে ফের আসছেন কোয়েল

পুরানো খবর:

প্রসেনজিৎ-জয়াকে নিয়ে ২২শে শ্রাবণের প্রিক্যুয়েল আনছেন সৃজিত

পুরানো খবর:

বানে ভাসা দিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে সিনেমার শুটিং