১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অমিতাভের বায়োপিকে অমিতাভ কে হবেন?

এই বায়োপিকে কে হবেন অমিতাভ, খুঁজে পাচ্ছেন না আর বালকি।

অমিতাভের বায়োপিকে অমিতাভ কে হবেন?

আর বালকির ইচ্ছা, অমিতাভ বচ্চনের জীবন নিয়ে সিনেমা বানাবেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 07:54 PM

Updated : 15 Oct 2022, 07:58 PM

জীবদ্দশায়ই কিংবদন্তি, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে নিয়ে বায়োপিক তো হতেই পারে। সেই শখ জেগেছে নির্মাতা আর বালকির। কিন্তু পরিকল্পনা করেই মাথায় হাত; কারণ এই মেগাস্টারের চরিত্র রূপায়ন করাবেন কাকে দিয়ে।

অমিতাভের ৮০তম জন্মবার্ষিকী উদযাপনের মধ্যে বালকি এক সাক্ষাৎকারে নিজের শখ আর তা পূরণের অন্তরায়ের কথা ভাগ করে নিয়েছেন সিনে পোর্টাল বলিউড হাঙ্গামার সঙ্গে।

তিনি বলেন, “খুব ইচ্ছা ছিল তার (অমিতাভ বচ্চন) একটা বায়োপিক বানাই। কিন্তু আমার বিচারে দেশে একজনও অভিনেতা নেই, যিনি সাহস করে অমিতাভের জুতায় পা গলাবেন। অমিতাভ হওয়ার মত মানুষ কই?”

অভিষেককে কি কোনোভাবে ভাবা যায়? এই প্রশ্নে আরও হাহাকার ফুটে ওঠে এই পরিচালকের কণ্ঠে।

“অভিষেক! আমার মনে হয় না এমন বোকামি অভিষেক করবেন। আইকন বাবার চরিত্র করতে অভিষেক রাজিই হবেন না। কারণ বাবাকে ছেলে যে আসনে বসিয়েছেন, এই কাজ তার কাছে ধৃষ্টতা বলে মনে হবে বলে আমার ধারণা।”

বালকির ব্যাখ্যা, ঠিক যেমন টাইগার শ্রফ জ্যাকির চরিত্র করবেন না। কিম্বা রাইমা সুচিত্রা সেনের চরিত্রে।

এই নির্মাতার মতে, অমিতাভ অমিতাভই। তাকে পর্দায় ঠিকঠাকভাবে সংজ্ঞায়িত করা না গেলে তাকে ছোট করা হবে।

অমিতাভের অন্ধ ভক্ত পরিচালক বালকি। ২০০৯ সালে অভিষেক আর তাকে নিয়ে তৈরি করেছিলেন ‘পা’ সিনেমাটি।

তিনি এখন কাজ করছেন অভিষেকের সঙ্গে। ’ঘুমার’ শুটিং নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন তারা। সেখানেও অবশ্য অতিথি চরিত্রে হিসেবে অমিতাভকে দেখা যাবে।

পুরানো খবর:

জন্মদিনে ১৭ শহরে ‘অমিতাভ উৎসব’