১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্লামেনকো ফিউশনে 'জোছনা করেছে আড়ি'

ফ্লামেনকো স্প্যানিশ সংগীত হলেও উপমহাদেশের সংগীতের সঙ্গে এই সংগীতের ফিউশনে নতুন কিছু করার সুযোগ রয়েছে বলে মনে করেন বাবনা করিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 08:44 PM

Updated : 30 Oct 2023, 08:44 PM

একুশে পদকজয়ী সংগীতশিল্পী ডালিয়া নওশিনের কণ্ঠে এবার ফ্লামেনকো ফিউশনে আসছে 'জোছনা করেছে আড়ি' গানটি।

'ওয়ারফেজ' এর সাবেক সদস্য, কম্পোজার বাবনা করিমের সংগীতায়োজনে গানটি প্রকাশ হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শিগগিরই গানটি ভিডিওসহ প্রকাশ হবে।

ফ্লামেনকো স্প্যানিশ সংগীত হলেও উপমহাদেশের সংগীতের সঙ্গে এই সংগীতের ফিউশনে নতুন কিছু করার সুযোগ রয়েছে বলে মনে করেন বাবনা করিম।

তিনি বলেন, "‘জোছনা করেছে আড়ি' গানটি ফ্লামেনকো এবং ক্ল্যাসিকাল মিউজিকের আদলে নতুন করে সৃষ্টি করা।"

গানটিতে গিটার বাজিয়েছেন বাবনা করিম, পিয়ানো বাজিয়েছেন রোমেল আলী, তবলা বাজিয়েছেন ভারতের অভিনব শর্মা। 

মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি এবং কস্টিউম ডিজাইনে ছিলেন শারমিন নাহার লাকী। গানটির মিক্সিং এবং মাস্টারিং করেছেন ফুয়াদ ইবনে রাব্বি।

দেশীয় সংগীতের সঙ্গে বিশ্বের নানা ধারার সংগীতের সংমিশ্রণে নিজস্ব সংস্কৃতিকে আরও বৃহৎ পরিসরে তুলে ধরার সময় এসেছে মন্তব্য করে বাবনা করিম ভবিষ্যতে কাওয়ালী, সুফী, লালন, এবং অন্যান্য সংগীতের সঙ্গে ফ্লামেনকো মিউজিকের ফিউশনের পরিকল্পনা করছেন বলে জানান। 

ডালিয়া নওশিন বলেন, "ক্লাসিক্যাল ঘরানার এই গানটি গেয়েছিলেন কিংবদন্তি প্রয়াত শিল্পী, ‘মল্লিকা-এ-গাজল’ বেগম আখতার। বাবনা যখন নতুন ধরনের মিউজিকে গানটি রেকর্ড করার প্রস্তাব নিয়ে আসেন, তখন মনে হয়, নিশ্চয় নতুন এবং ভিন্ন কিছু হবে। সত্যিকার অর্থেই ফ্লামেনকো-ক্ল্যাসিকাল মিউজিকের কম্পোজিশনে গানটি নতুন রূপ পেল। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে শতভাগ সেরাটা গাইবার।"

রোমেল আলী বলেন, "সঠিকভাবে ফিউশনের মাধ্যমে নতুন ধরনের বাংলা সংগীতের সৃষ্টি হতে পারে এই ধারণা থেকেই গানটি করা। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করি।"

ডালিয়া নওশিন নজরুল এবং শাস্ত্রীয় সংগীত শিল্পী। সংগীতে তার অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত করে। 

অন্যদিকে ব্যান্ডদল ওয়ারফেজের প্রাক্তন সদস্য বাবনা করিম বরাবরই তার ব্যতিক্রমী কথা, সুর, কম্পোজিশন এবং গায়কির জন্য সমাদৃত। 

২০০৮ সাল থেকে বাবনা করিম এবং রোমেল আলী ফ্লামেনকো ফিউশন নিয়ে কাজ করছেন। রোমেল আলী দেশের জনপ্রিয় পিয়ানো বাদক এবং কম্পোজার।