সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’
সুজিত মোস্তফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে ‘সাদা শেফালী’ গানটি।
প্রকৃতি ও ভালোবাসার গল্প নিয়ে নতুন গান ‘সাদা শেফালী’ প্রকাশ করেছেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন তিনি নিজে।
জাহিদুল ইসলামের কথায় গানটির সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মোহনা মীম। ভিডিওটির নৃত্য পরিচালনা করেছেন সুজিত মোস্তফার স্ত্রী, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। চিত্রগ্রহণ করেছেন সিফাত হাসান, আর পরিচালনা, সম্পাদনার কাজ সামলেছেন শিল্পীর মেয়ে অপরাজিতা মোস্তফা।
গানটি তৈরির নেপথ্য গল্প জানিয়ে সুজিত মোস্তফা বলেন, “জাহিদুল ইসলাম প্রায় এক বছর আগে গানটি লিখে পাঠিয়েছিলেন। মূলত তার আগ্রহ ও উৎসাহেই গানটির সুর করেন তিনি।
গানটির ভিডিও পর্যন্ত পৌঁছানোর অভিজ্ঞতা জানিয়ে সুজিত মোস্তফা বলেন, “প্রথমে গানটির প্রাথমিক মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে আমার এক খুদে ছাত্র নাফি। পরে এক ঘরোয়া আড্ডায় গানটি শুনে বন্ধু শওকত আলী ইমন এতে একটু প্রফেশনাল স্পর্শ যোগ করতে চায়। এরপর নতুন মিউজিক শুনে জাহিদুল ভিডিওচিত্রের অনুরোধ জানায়। গানটি ভালোবাসার মানুষরা পছন্দ করায় শেষ পর্যন্ত ভিডিওটি নির্মাণ করার সিদ্ধান্ত নিই।”
গানটি দর্শকের পছন্দ হবে সেই প্রত্যাশা রেখে সুজিত মোস্তফা বলেন, “ভিডিওতে মডেল হিসেবে মোহনা মীম খুব সুন্দর কাজ করেছে। মুনমুন কোরিওগ্রাফির বিষয়টি দেখেছে আর মেয়ে অপরাজিতা সম্পাদনা ও কালার গ্রেডিংসহ বাকি কাজগুলো গুছিয়ে দিয়েছে। সব মিলিয়ে একটি আন্তরিক চেষ্টা ছিল, আশা করি দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে।”
সুজিত মোস্তফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে ‘সাদা শেফালী’ গানটি।
