যে তথ্য গোপনে ইনটেলের বিরুদ্ধে মামলায় বিনিয়োগকারীরা
মামলায় ইনটেলের পাশাপাশি প্রধান নির্বাহী ট্যান লিপ-বু এবং কোম্পানিটির অন্য শীর্ষ কর্মকর্তাদেরও বিবাদী করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি ইনটেলের বিরুদ্ধে মামলা করেছেন এর শেয়ারহোল্ডাররা। তাদের অভিযোগ, ব্যক্তিগত কম্পিউটার বা পিসি বিক্রিতে বড় ধরনের মন্দার বিষয়টি গোপন রেখেছিল কোম্পানিটি। এর প্রভাবে এক দিনেই ইনটেলের শেয়ারের দর প্রায় ২৯ শতাংশ কমে গিয়েছে।
ক্যালিফোর্নিয়ার স্যান হোসে আদালতে করা মামলায় শেয়ারহোল্ডাররা অভিযোগ করেন, ইনটেল পিসি বিক্রির গতি কমে যাওয়া এবং ডেটা সেন্টার প্রকল্পগুলোর প্রভাব সম্পর্কে তথ্য প্রকাশ করেনি। বরং কোম্পানিটি ‘বস্তুগতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর’ বক্তব্য দিয়েছে।
মামলাটিকে ক্লাস অ্যাকশন শ্রেণিভূক্ত করার প্রস্তাবও রয়েছে।
শত শত বা হাজার হাজার মানুষের একই ধরনের অভিযোগ থাকলে তাদের পক্ষ থেকে একদল প্রতিনিধি ক্লাস অ্যাকশন মামলা পরিচালনা করেন। এই মামলা চালানোর জন্য প্রথমে বাদিকে নিশ্চিত করতে হয় যে, ভুক্তভোগীদের সংখ্যা অনেক বেশি এবং তাদের সবার অভিযোগের মূল ভিত্তি একই।
এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসি ইনটেলের সঙ্গে যোগাযোগ করেছে।
গত অক্টোবরেই ইনটেল জানায়, সেপ্টেম্বর মাসে শেষ হওয়া তিন মাসে তাদের কম্পিউটার হার্ডওয়্যার বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। অথচ এর আগে কোম্পানিটি ইঙ্গিত দিয়েছিল, তাদের পণ্যের চাহিদা বাড়ছে। মামলার নথিতে বলা হয়েছে, অক্টোবরের এই প্রতিবেদন আগের সেই বক্তব্যকে প্রশ্নের মুখে ফেলেছে এবং কোম্পানিটির শেয়ারের দরে বড় ধরনের পতন ঘটিয়েছে।
শেয়ারহোল্ডারদের দাবি, পিসির চাহিদা কমে যাওয়ায় ইনটেলের ত্রৈমাসিক আয়েও বড় প্রভাব পড়েছে। এক প্রান্তিকে কোম্পানিটির আয় ৯ শতাংশ বা প্রায় ৮০ কোটি ডলার কমে ৮১০ কোটি ডলারে নেমে এসেছে।
রবিনস গেলর রাডম্যান অ্যান্ড ডাউড নামের একটি আইনি প্রতিষ্ঠান ইনটেলের সাধারণ শেয়ারের মালিকদের পক্ষে মামলাটি করেছে। এতে ২৩ জুলাই থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির শেয়ারধারীদের স্বার্থ তুলে ধরা হয়েছে। মামলায় ইনটেলের পাশাপাশি প্রধান নির্বাহী ট্যান লিপ-বু ট্যান এবং কোম্পানিটির অন্য শীর্ষ কর্মকর্তাদেরও বিবাদী করা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার কম্পিউটিং সক্ষমতার বিপুল চাহিদা মেটাতে ইনটেল উৎপাদন খাতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে। তবে ডেটা সেন্টারের জন্য বেশি সংখ্যায় সেমিকন্ডাক্টর সরবরাহ করায় পিসি ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের চিপের দাম বেড়েছে।
ইনটেলের প্রধান নির্বাহী ট্যান বিশ্লেষকদের জানিয়েছিলেন, চিপশিল্প বর্তমানে ‘মেমরি চিপের অভূতপূর্ব সংকটের’ মুখোমুখি। এর ফলে পিসির জন্য প্রয়োজনীয় চিপের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।
গত অক্টোবর মাসে ট্যান বলেন, “আমাদের জরুরিভিত্তিতে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।”
গত এক মাসে ইনটেলের শেয়ারের দর ৩৭ দশমিক ৫ শতাংশ কমেছে। তবে চলতি বছর এখন পর্যন্ত কোম্পানিটির শেয়ারের মোট দর বেড়েছে ৫১ শতাংশ।
