পেন্টাগনের ৩০, কনসার্টে ব্যান্ড তারকাদের মিলনমেলা
রাজধানীর গুলশান ক্লাবে এই আয়োজন ব্যান্ড সংগীতের তারকাদের মিলনমেলায় রূপ নেয়।
ঘরোয়া কনসার্ট করে, গান আর আড্ডায় প্রতিষ্ঠার তিন দশক উদযাপন করেছে ব্যান্ড দল ‘পেন্টাগন’।
সেই উদযাপনে রেনেসাঁ, মাইলস, ফিডব্যাকের মত পুরনো জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা হয়েছিলেন একসঙ্গে। তারা সবাই মিলে গিটার বাজিয়ে, বাংলা-ইংরেজি গানে মাতিয়ে দেন সন্ধ্যা।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে এই আয়োজন ব্যান্ড সংগীতের তারকাদের মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানে পেন্টাগনের আট সদস্য ছাড়া ছিলেন রেনেসাঁর নকীব খান, পিলু খান, এমরান রহমান। মাইলসের হামিন আহমেদ ও মানাম আহমেদ, ইকবাল আসিফ জুয়েল, তুর্য এসেছিলেন।
ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান এসেছিলেন ফিডব্যাক থেকে। ছিলেন ঢাকা ব্যান্ডের মাকসুদুল হক।
সোলসের পার্থ বড়ুয়া, রকস্ট্রাটা ব্যান্ডের আরশাদ আমিন, ওয়ারফেজ ব্যান্ডের শেখ মনিরুল আহমেদ টিপু, শামস, রজার, পলাশ, সোমেন আসেন অনুষ্ঠানে।
এছাড়া দলছুট ব্যান্ডের বাপ্পা মজুমদার, ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব, পার্থিব ব্যান্ডের রুমন এবং পাওয়ার সার্জের জামশেদ ছিলেন।
অনুষ্ঠানে ব্যান্ড সদস্যরা একসঙ্গে ৩০ বছর পূর্তির কেক কাটেন। আয়োজনের শুরুতে পেন্টাগন ব্যান্ডের ভোকাল ও প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলী সুমনের মেয়ে লুবাইয়না দুটো গান গেয়ে শোনান। পরে পার্থিব ব্যান্ডের রুমন শোনান 'তুমি আমার জীবনের সাধনা' শিরোনামের একক গান।
এরপর পেন্টাগনের সদস্যরা যখন মঞ্চে ওঠেন, করতালি দিয়ে তাদের স্বাগত জানান উপস্থিতরা। ব্যান্ডের সুমন, টিপু, মোরশেদ, আলিফ, ফায়সাল, ইয়ানি মৃদুল ও জয় শুনিয়েছেন ‘বৃষ্টি’, ‘সংশয়’, ‘সূর্য না ওঠা সকালে জোনাকিরা জ্বলে’ নেভে শিরোনামের একের পর এক গান।
নিজেদের গান ছাড়াও এই ব্যান্ডটি ইংরেজি, লাতিন, আরবি, জ্যামাইকান গানও করেছেন অনেক সময়। অনুষ্ঠানেও তারা শোনান সেরকম কিছু গান।
ব্রিটিশ রক ব্যান্ড ‘এলান পারসন প্রজেক্ট’ এর 'আই ইন দ্য স্কাই'সহ বব মার্লে, কার্লোস স্যান্টানার গান শোনান পেন্টাগনের শিল্পীরা। তাদের সঙ্গে গিটার বাজিয়েছেন মাইলসের হামিন আহমেদ। গলা মেলান পার্থ, বাপ্পা, মাকসুদরা।
পেন্টাগনের পর স্টেজ যায় আমন্ত্রিত ব্যান্ডগুলোর দখলে। শুরুতে আসে ‘ওয়ারফেজ’। ‘অবাক ভালোবাসা’, ‘বসে আছি’, ‘গানস অ্যান্ড রোজেসের সুইট চাইল্ড ওমাইন’, স্করপিয়ন্সের ‘রক ইউ লাইক এ হেরিকেন’, মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’ পরিবেশন করে ‘ওয়ারফেজ’।
গান গেয়েছে মাকসুদুল হক। তিনি বিশ্বখ্যাত ব্যান্ড ঈগলস এর 'টেকিলা সানরাইজ' গানটি পরিবেশন করেন। ব্যান্ড শিল্পী পার্থ বড়ুয়া আর বাপ্পা মজুমদারের গান দিয়ে অনুষ্ঠানের পর্দা নামে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীত শিল্পী দম্পতি রফিকুল আলম ও আবিদা সুলতানা। উপস্থিত ছিলেন শিল্পী কানিজ সুবর্ণাও।
