‘বিস্ফোরক’ ছিলাম না, হয়েছি: স্কারলেট জোহানসন
এক আলাপনে নিজের পরিণত অভিনেত্রী হয়ে ওঠার গল্প শোনালেন এই হলিউড তারকা।
ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমায় নিজের ভূমিকা স্মরণ করে নস্টালজিক হলেন হলিউড তারকা স্কারলেট জোহানসন।
কৈশোরোত্তীর্ণ এক তারকা থেকে এখনকার স্কারলেট জোহানসন হওয়ার গল্প তিনি এক সাক্ষাৎকারে শুনিয়েছেন বলে জানিয়েছে সিএনএন।
মঙ্গলবার ‘টেবল ফর টু’ পডকাস্টে নিজের অভিনীত কিছু সিনেমার প্রসঙ্গে কথা বলেন এই অভিনেত্রী।
২০০৩ সালে তার সিনেমা ‘লস্ট ইন ট্রান্সলেশন’ ও ‘গার্ল উইথ এ পার্ল ইয়ারিং’ মুক্তি পেয়েছিল। সেই সময়ের শুটিংয়ের কথা উঠে আসে আলাপনে।
জোহানসন বলেন, দুই দশক আগে এক কিশোরীকে পূর্ণাঙ্গ কর্মজীবনে প্রবেশের জন্য রূপান্তরই করা হয়েছিল, যা মোটেই সহজ ছিল না।
‘লস্ট ইন ট্রান্সলেশন’ ও ‘গার্ল উইথ এ পার্ল ইয়ারিং’ সিনেমা দুটি আলোচিত ও সমালোচিত দুটোই হয়। এই দুই সিনেমায় অভিনয়ের জন্য জোহানসন গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
জোহানসন বলেন, “লস্ট ইন ট্রান্সলেশন এবং গার্ল উইথ এ পার্ল ইয়ারিং যখন করেছি, তখন আমার বয়স হবে ১৮ বা ১৯। বলা যায়, তখন নিষ্পাপ বয়স পেরিয়ে নারীত্বে প্রবেশ করছি। ওই সময়গুলোয় কিছুদিনের জন্য নিজেকে ওই বয়সে বন্দিও মনে হত।
“সত্যিই সেসময় আটকে গিয়েছিলাম। আমাকে সেসময় এক রকমভাবে প্রস্তুত করা হচ্ছিল, আজকে যেভাবে আপনি আমাকে ‘বিস্ফোরক’ টাইপ অভিনয় শিল্পী হিসেবে বর্ণনা করছেন।”
জোহানসন জানান, সেই থমকে যাওয়া অবস্থা থেকে তাকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন তার এজেন্ট ব্রায়ান লার্ড। তার কারণেই তিনি ঘুরে দাঁড়াতে পেরেছিলেন।
হলিউডের নামকরা অভিনেত্রীদের মধ্যে স্কারলেট জোহানসনের নাম উপরের দিকে। যিনি মার্ভেল সিনেমাটিক জগতে একজন রুশ স্পাই হয়ে নজর কাড়েন দর্শকদের। ‘ম্যারেজ স্টোরি’র মতো সিনেমা করে হন জনপ্রিয়।
