১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেকেআরের খেলা দেখতে গিয়ে হঠাৎ অসুস্থ শাহরুখ

তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:30 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচ দেখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসা নিতে হল ‘বলিউড বাদশা’ শাহরুখ খানকে। 

আনন্দবাজার বলছে, আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দারাবাদের সঙ্গে নিজের দল কেকেআরের খেলা দেখতে মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির ছিলেন শাহরুখ।

ম্যাচ দেখতে সোমবারই আহমেদাবাদে পৌঁছান শাহরুখ। 

মঙ্গলবার সারাদিন মাঠেই ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার কন্যা সুহানা খান ও ছোট ছেলে আব্রাম। সঙ্গে ছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং শানায়া কাপুরও। 

কেকেআর জেতার পর মাঠে নেমে উদযাপনও করছিলেন তারা। 

বলিউড হাঙ্গামা জানিয়েছে, মাঠ থেকে রাতে হোটেলে ফিরেছিলেন অভিনেতা। কিন্তু বুধবার সকালে অসুস্থবোধ করায় হাসপাতালে নেওয়া হয়। 

শাহরুখ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে অনলাইন সংবাদ মাধ্যমটি। 

তবে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেন তিনি। তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। 

অসুস্থতা নিয়ে শাহরুখ বা কেকেআরের পক্ষ থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।