Published : 17 Aug 2024, 04:42 PM
বছরব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠার চার দশক উদযাপন করতে যাচ্ছে 'কথা আবৃত্তি চর্চা কেন্দ্র'।
এই উৎসবের সূচনা হবে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে।
কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি একুশে পদকজয়ী আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় এ তথ্য জানিয়েছেন।
কলকাতার সংগঠন প্রেরণা ও কথা আবৃত্তি চর্চা কেন্দ্র যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে। উৎসবে দুটি শ্রুতি দৃশ্যকাব্য 'ব্রুণো' ও 'বন্ধ ঘরের আগল ভাঙ্গো' এবং একটি শ্রুতিনাট্য 'রাজার চিঠি' মঞ্চস্থ করবেন কথার শিল্পীরা। দুদিনের এ আয়োজন শুরু হচ্ছে বুধবার।
উৎসবে অংশগ্রহণের জন্য কথার ২০ সদস্যের একটি দল এখন কলকাতায় আছে। মঙ্গলবার সন্ধ্যায় হোটেল কক্ষেই চলে তাদের মহড়া। এর ফাঁকে গ্লিটজের সঙ্গে আলাপ হয় ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের।
তিনি বলেন, "১৯৮৫ সালের ২২ জুলাই যাত্রা শুরু করে কথা। এই আয়োজন আমাদের জন্য এবং বাংলাদেশের সাংগঠনিক আবৃত্তি চর্চার জন্য ভীষণ আনন্দের। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে শুরু হচ্ছে, এরপর বাংলাদেশে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।"
তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে 'কথা' পথ চলা শুরু করেছিল জানিয়ে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহজাদা চৌধুরী সম্রাট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ‘কথা'র প্রতিষ্ঠাতা ভাস্বর বন্দ্যোপাধ্যায় মনে করেন, তরুণদের একাজে ব্যস্ত রাখতে পারলে তারা বিপথগামী হবে না। এর মধ্য দিয়েই বাঁচবে মুক্তিযুদ্ধের চেতনা। গড়ে উঠবে সম্প্রীতির বাংলাদেশ। কথা এতদিন ধরে এই কাজটিই করে চলেছে।"