Published : 02 Mar 2023, 11:47 PM
ব্লকড হওয়া নিজের ‘লিংকডইন’ অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন বলিউড তারকা সানি লিওনি। উচ্ছ্বসিত হয়ে সেই খবর নিজেই দিয়েছেন এই অভিনেত্রী।
সোশাল মিডিয়ায় সক্রিয় সানি মাসখানেক আগে ‘লিংকডইন’ এ যুক্ত হয়েছিলেন। নতুন এই প্ল্যাটফর্ম উপভোগও করছিলেন তিনি। তারপর আচমকাই ঘটে এক কাণ্ড। আগাম কোনো বার্তা না পাঠিয়েই ব্লক করে দেওয়া হয় অভিনেত্রীর ‘লিংকডইন’ একাউন্ট।
সানি লিউনির এই অ্যাকাউন্টটি ভুয়া সন্দেহ হওয়ায় তা লিংকডইন ব্লক করে দিয়েছিল বলে বলিউড হাঙ্গামা জানিয়েছে।
শনিবার সানি লিওনি টুইটারে একটি ভিডিও শেয়ার করে সে ঘটনার প্রতিক্রিয়া জানান। লিংকডইনকে ট্যাগ করে তিনি লেখেন, “লিংকডইনে যুক্ত হওয়ার এক মাস পরে তাদের ধারণা হয়েছিল, আমার অ্যাকাউন্টটি ভুয়া। তাই তারা সেটা ব্লক করার সিদ্ধান্ত নেয়।”
তিনি আরও বলেন, “আমি জানি, আমার নতুন অ্যাকাউন্টটিতে প্রচুর ট্রাফিক ছিল, কিন্তু আমার ব্যক্তিগত অ্যাকাউন্টটি বাতিল করার আদতে তেমন কোনো কারণ ছিল না। তারা আমাকে কোনো মেইল পর্যন্ত করেনি। এটা ঠিক নয়। আশা করি, দ্রুতই তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন।”
ভিডিওটি পোস্ট করার ঠিক একদিন পর লিংকডইন কর্তৃপক্ষ সানির অ্যাকাউন্টটি ফিরিয়ে দেন। অভিনেত্রী আরও একটি টুইটে তা জানিয়ে দেন, উচ্ছ্বাস ভরে লিখেছেন, “আমি ফিরে এসেছি।”
সানি সর্বশেষ অর্জুন বিজলানির বিপরীতে ‘স্প্লিটসভিলা ১৪’ এ অভিনয় করেছিলেন। আগামীতে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কোটেশন গ্যাং’য়ে দেখা যাবে ৪১ বছর বয়সী অভিনেত্রী।