Published : 23 Dec 2022, 10:24 AM
খেয়াল, সেতার ও তবলা লহরায় শুদ্ধসংগীতে মজেছে নগরের মানুষ; রাজধানীর ছায়ানট মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপি শুদ্ধসংগীত উৎসব।
বৃহস্পতিবার সন্ধ্যায় মিলনায়তন পূর্ণ দর্শক উপভোগ করেন এ আয়োজন। সংগীতগুরু মিথুন দে’কে উৎসর্গ করা হয়েছে এবারের উৎসব।
জাতীয়সংগীত পরিবেশনার পর স্বাগত কথনে ছায়ানট সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা উৎসবে অংশ নেওয়া শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এ উৎসবের মধ্য দিয়ে একদিকে শুদ্ধসংগীতের শিল্পীদের বাড়ছে আত্মবিশ্বাস। অন্যদিকে প্রতিনিয়ত তৈরি হচ্ছে সমঝদার শ্রোতা।
“শাস্ত্রীয় সংগীতকে বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে করা এই উৎসব নতুন শ্রোতা ও শিল্পী তৈরি করলে নিজেদের সার্থক মনে করবে ছায়ানট।"
শুদ্ধসংগীতের প্রচার ও প্রসারের জন্যই ছায়ানট এ উৎসবের আয়োজন করছে জানিয়ে লিসা বলেন, ২০০৯ সাল থেকে নিয়মিত শুদ্ধসংগীতের এই আসর আয়োজন করছে ছায়ানট। উৎসবে প্রতিবছর অংশ নেন ঢাকাসহ দেশের নানা প্রান্তের শিল্পীরা।
"সংগীতের সাধারণ শ্রোতা ছাড়াও সংগীতের শিক্ষার্থীদের মধ্যে এই উৎসব নিয়ে রয়েছে বিশেষ উৎসাহ। প্রতিবছর ছায়ানট সংগীতবিদ্যায়তন প্রশিক্ষণের মাধ্যমে বেশকিছু সংখ্যক শিল্পীকে এই উৎসবের মাধ্যমে শ্রোতাদের সামনে তুলে ধরে।"
খেয়াল পরিবেশনায় শুরু হয় দুই দিনের শুদ্ধসংগীত উৎসবের প্রথম অধিবেশন। এদিন বৃন্দ পরিবেশনায় মুলতানি রাগ পরিবেশনায় অংশ নেন ছায়ানটের শিল্পীরা।
এছাড়া পুরিয়া রাগে খেয়াল পরিবেশন করেন দীপ্তি সমাদ্দার, মারবা রাগে ধামার শোনান সৌমিতা বোস এবং শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করেন সিলেটের পারমিতা মুমু্। সেতারে যন্ত্রসংগীত পরিবেশন করেন এবাদুল হক, তবলা লহরা পরিবেশন করেন কুমার প্রতিবিম্ব।
শুক্রবার সকালের অধিবেশনে বৃন্দ কণ্ঠসংগীত পরিবেশন করবেন ছায়ানটের শিল্পীরা। বাঁশিবাদনে অংশ নেবেন মুর্তজা কবীর মুরাদ, কণ্ঠসঙ্গীতে থাকবেন নেবেন শেখর মণ্ডল, প্রিয়াঙ্কা গোপ, সুস্মিতা দেবনাথ সুচি ও ধ্রুব সরকার।
ছায়ানটের শিল্পীদের বৃন্দ কণ্ঠসংগীত পরিবেশনায় শুক্রবার সন্ধ্যায় শুরু হবে সমাপনী অধিবেশন। পরে বৃন্দ তবলা ও বেহালাবাদনে অংশ নেবেন শিল্পীরা। বাঁশিবাদনে অংশ নেবেন মো. মনিরুজ্জামান।
কণ্ঠসংগীতে অংশ নেবেন খায়রুল আনাম শাকিল, রেজওয়ান আলী, অসিত দে, লতিফুন জুলিও, বিপুল কুমার, সুপ্রিয়া দাশ, কানিজ হুসনা আহম্মদী সিম্পী, মিরাজুল জান্নাত সোনিয়া, মৌমিতা হক সেঁজুতি, আফরোজা রূপা, প্রিয়ন্ত দেব, সিতাব তাহমিদ ও শৌণক দেবনাথ ঋক।
তাদের সাথে সঙ্গত করবেন সুরাজ নিরওয়ান, বাদল চৌধুরী, বিজন চন্দ্র মিস্ত্রী, গৌতম সরকার, ইফতেকার আলম ডলার, স্বরূপ, হোসেন, শুষেণ কুমার রায়, সবুজ আহমেদ, প্রশান্ত ভৌমিক, টিংকু শীল, অভিজিৎ কুণ্ডু, ধ্রুব সরকার, মোহসিইউ জৌভিয়ান জিসাস, শৌণক দেবনাথ ঋক।
সমাপনী দিন প্রথম অধিবেশন শুরু হবে শুক্রবার সকাল ৯টায়, চলবে দুপুর ১২টা পর্যন্ত। বিরতির পর আবার সন্ধ্যা ৬টা থেকে থাকবে পরের অধিবেশন। সে অধিবেশন চলবে সারা রাত।