২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এসআরকে’ সেশনের উত্তরদাতা আসলে কে?

প্রশ্ন উঠেছে এই তারকার মোবাইল হাতে নিয়ে বা কম্পিউটার-ল্যাপটপের সামনে বসে অচেনা-অজানা লোকজনের সঙ্গে হাসিঠাট্টার সময় কোথায়?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 01:24 PM

Updated : 05 Nov 2023, 03:33 PM

‘আস্ক এসআরকে’, সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় একটি সেশন, কারণ এখানে ভক্তদের সঙ্গে আড্ডা দেন শাহরুখ খান। ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিতে, রসিকতায়-মজার ছলে কাজের এবং নিজের কথা জানাতে ওই সেশনে কিং খানের হাজিরা হয় নিয়মিত।

কিন্তু প্রশ্ন উঠেছে এই তারকার মোবাইল হাতে নিয়ে বা কম্পিউটার-ল্যাপটপের সামনে বসে অচেনা-অজানা লোকজনের সঙ্গে হাসিঠাট্টার সময় কোথায়?

সিনেমায় আসার পর বিরতির চার বছর ছাড়া গত তিন দশকের প্রায় পুরোটা সময় সিনেমা নিয়েই শাহরুখ খানের ব্যস্ততা গেছে। দিনরাত শুটিং পড়লে শাহরুখের বাড়ি ফেরাও দায় হয়ে যায়। তখনও মাইক্রো ব্লগিং সাইট এক্সে ‘এসআরকে সেশনে’ শাহরুখ হুট করে হাজির হয়েছেন।

তাই অনেকের জিজ্ঞাসা, ওই সেশনের সব প্রশ্নের উত্তর কী শাহরুখ নিজে দেন?  নাকি নায়কের হয়ে অন্য কেউ বা তার টিম কাজটি করেন।

এনডিটিভি বলছে, এই প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে অনেকদিন ধরে। কয়েকদিন আগে মুম্বাইয়ে ‘এসআরকে সেশন’ নিয়ে আয়োজতি অনুষ্ঠানে শাহরুখ নিজে সেই প্রসঙ্গ তুলে ধোঁয়াশা দূর করেন। 

‘আজকে একটা ব্যাপার স্পষ্ট করা প্রয়োজন’ বলে মাইক্রোফোন হাতে একটু সিরিয়াস ভঙ্গিতে শাহরুখ যখন অনুষ্ঠানে কথা বলা শুরু করেন, নড়েচড়ে ওঠেন দর্শক।

শাহরুখ বলেন,  “অনেকে জানতে চেয়েছেন আমার সেশনে আমার হয়ে অন্য কেউ কথা বলেন কী না। আমার প্রিয় ভক্তদের বলতে চাই, ব্যক্তিগত সব প্রশ্নের উত্তর আমি নিজে দিই। তবে কাজের বিষয়ে কোনো প্রশ্ন করা হলে আমি সেই উত্তর দিতে টিমের সহায়তা নিই। কিন্তু সব কথা আমি নিজে লিখি।“

তারকারা সাধারণত সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট পরিচালনা করেন পেশাগত দায়বদ্ধতা বজায় রেখে। বেশিরভাগ তারকার সোশ্যাল অ্যাকাউন্ট তার ব্যক্তিগত সহকারী বা টিমের পক্ষ থেকে দেখভাল করা হয়।

সেসব দিক থেকে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন এবং শাহরুখের এক্স অ্যাকাউন্ট ভিন্ন।  বিশেষ করে  কিং খানের ‘এসআরকে সেশন’ এর জন্য অনুরাগীরা মুখিয়ে থাকেন। কারণ ভক্তদের হালকা বা গুরুগম্ভীর নানা প্রশ্নের উত্তর শাহরুখ দেন স্বাভবসুলভ হালকা মেজাজে। কখনও কখনও এই নায়কের রসিকতায় হাসির হুল্লোড় ওঠে এক্সে।  

এই ‘এসআরকে’ সেশন থেকে ভক্তরা জানতে পেরেছিলেন, কবে শাহরুখের বিরতি শেষ হতে চলেছে, কেনইবা চার বছর তিনি আড়ালে ছিলেন।

‘পাঠান’ ও ‘জওয়ান’ হয়ে শাহরুখ কবে আসবেন, কী চমক দেখাবেন, কেন ‘জওয়ান’এ শাহরুখ ন্যাড়া মাথার লুক বেছে নিয়েছিলেন- ভক্তদের সেসব কৌতুহলও শাহরুখ মিটিয়েছেন এই সেশনে এসে।

এই নায়কের ৫৮ বছর জন্মবার্ষিকী গেছে বৃহস্পতিবার। ওই দিন তার আগামী সিনেমা ‘ডানকি’র টিজার প্রকাশ পেয়েছে।

 ‘ডানকি’ সারা বিশ্বে মুক্তি পাবে বড় দিনের আগে আগে, ২১ ডিসেম্বর। আর ভারতে মুক্তি পাবে পরদিন ২২ ডিসেম্বর।