১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় যে সিনেমার শুটিং সারলেন সালমান

অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান।

মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় যে সিনেমার শুটিং সারলেন সালমান
সালমান খান। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 09:16 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

ভারতের লাদাখে তীব্র ঠাণ্ডায় ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার প্রথম ধাপের শুটিং শেষ করেছেন  বলিউডি অভিনেতা সালমান খান। 

বিশ্রাম শেষে মুম্বাইয়ে শুরু হবে সিনেমার দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ।    

পিঙ্কভিলা লিখেছে, মাস দেড়েক ধরে লাদাখ অঞ্চলে টানা চলছিল ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার দৃশ্যধারণের কাজ। সালমান সেখানে কাজ করেছেন ১৫ দিন। 

সেখানে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুটিং করতে হয়েছে পুরো টিমকে। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে শরীরে কিছুটা চোটও পেয়েছেন এ অভিনেতা। 

হাড় হিম করা ঠাণ্ডা, চোট সব সামলে ভাইজান তার অংশের শুটিং শেষ করে ফিরেছেন।

এই সিনেমার দ্বিতীয় ধাপের শুটিংয়ের জন্য মুম্বাইয়ে একটি বিশাল সেট তৈরি করা হবে। সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে মুম্বাইয়ে শুটিংয়ের কাজ শুরু করার কথা রয়েছে সালমানের। 

অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান। সিনেমার শুটিং শেষ হওয়ার কথা এ বছরের শেষ নাগাদ। ধরে নেওয়া হচ্ছে ‘ব্যাটল অব গালওয়ান’ মুক্তি পাবে আগামী বছর। 

‘ব্যাটল অব গালওয়ান’ তৈরি হচ্ছে ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে।  

চলতি বছরের জুলাই মাসে সিনেমার ফাস্ট লুক পোস্টার প্রকাশ করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। যেখানে সৈনিকের পোশাক গায়ে, কাঁটাতার জড়ানো হাতিয়ার ঝুলছে কাঁধে, কপাল ফেটে রক্তও বের হচ্ছে এমন লুকে দেখা গিয়েছিল সালমানকে। 

সিনেমায় সালমানের নায়িকা হচ্ছেন চিত্রাঙ্গদা সিং।   

কোরবানি ঈদে মুক্তি পাওয়া সালমানের সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’, যা ভালো ব্যবসা করতে পারেনি।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দেওয়া লাগাতার মৃত্যু হুমকি, হত্যাচেষ্টা এবং নিরাপত্তার ঘেরাটোপে সিকান্দারের শুটিং সেরেছিলেন সালমান।

নিরাপত্তাজনিত সমস্যার কারণে এই সিনেমা নিয়ে সালমান বেশি প্রচারও করতে পারেননি। কারো কারো ভাষ্য, বলিউডের তারকারা প্রচার কাজে সালমানের পাশে এসে দাঁড়ালে ভালো ফল আসত।

সিনেমা বিশ্লেষকরা আশা করছেন, ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটের এই সিনেমা দিয়ে পর্দায় ফেরার মত ফিরতে পারেন সালমান।

আরও পড়ুন: 

সালমানের 'সিকান্দারব্যর্থ যে ৪ কারণে

কত অসুখে যে সালমান ভুগছেন