ভালোবাসার দু’টি সিনেমা
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি ‘দেবদাস’ এবং ‘অন্যরকম ভালোবাসা’ শিরোনামের দু’টি সিনেমা সারা দেশে মুক্তি পাচ্ছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে একইনামে সিনেমাটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। যুগল পরিচালক শাহিন-সুমন জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণ করেছেন ‘অন্যরকম ভালোবাসা’ ।
দেবদাসের পরিচালক চাষী নজরুল ইসলাম গ্লিটজকে বলেন, ‘দেবদাস’ সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.। দেবদাস সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান (দেবদাস), অপু বিশ্বাস (পার্বতী), মৌসুমী (চন্দ্রমুখী), শহীদুজ্জামান সেলিম (চুনিলাল) প্রমুখ। চলচ্চিত্রটি সারা দেশে পরিবেশন করছে আশীর্বাদ চলচ্চিত্র।
অন্যরকম ভালোবাসার পরিচালক সুমন গ্লিটজকে বলেন, ‘অন্যরকম ভালোবাসার প্রধান দু’টি চরিত্রে জুটি হয়ে অভিনয় করেছেন বাপ্পি-মাহি । আব্দুল্লাহ জহির বাবুর কাহিনীর ওই সিনেমায় আরো অভিনয় করেছেন রাজ্জাক, নূতন, অমিত হাসান, কাবিলা, ডন, সারা জেরিন এবং লাক্সকন্যা বিপাশা।
