মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দোপাধ্যায়ের 'বিবেক' গল্প অবলম্বনে নাটক রচনা করেছেন অভিনেত্রী ফারজানা ছবি। নাটকের নাম 'অদৃশ্য পলেস্তারা'। ফারজানা ছবির এটাই প্রথম নাটক রচনা।
হাসান শিকদারের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন, পীযুষ বন্দোপাধ্যায়, তৌকির আহমেদ, আনিসুর রহমান মিলন, সাজ্জাদ রেজা, সৈকত রেজা। ফারজানা ছবিও এই নাটকে অভিনয় করছেন।
এই প্রসঙ্গে ছবি বলেন, "এটাই আমার প্রথম নাটক রচনা। মানিক বন্দোপাধ্যায়ের 'বিবেক' গল্পের মূলভাব ও চরিত্রগুলো ঠিক রেখে আমি আমার মত করে নাটকের চিত্রনাট্য সাজিয়েছি। এই সাহিত্যিকের রচনাগুলি আমার খুবই পছন্দের। তাই তাঁর রচনা নিয়ে আরও নাটক তৈরির ইচ্ছা আমার আছে।"
এক খন্ডের এই নাটকটির শুটিং ও সম্পাদনার কাজ শেষ। বর্তমানে চলছে আবহ সঙ্গীত সংযোজনের কাজ। সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন ফরিদ আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৫২ঘ.
bdnews24