ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হাবিব ওয়াহিদের 'বলছি তোমাকে' অ্যালবামের ভিডিও বিজ্ঞাপন তৈরি করলেন তার বাবা ফেরদৌস ওয়াহিদ। বিজ্ঞাপনটি ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেলে প্রচার হওয়া শুরু হয়েছে।
এই প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, "আমি নিজে বেশ কিছু নাটক - বিজ্ঞাপন তৈরি করেছি। এখন যদি অন্য কাউকে দিয়ে ছেলের অ্যালবামের বিজ্ঞাপন চিত্র বানাতাম, তাহলে দেখা যেত তার ধারণার সঙ্গে আমাদের ধারণা মিলছে না। আমি তো আমার ছেলের টেস্ট বুঝি। তাই তার গানের সাথে বিজ্ঞাপন চিত্রের সামঞ্জস্য বজায় রাখতে গিয়েই 'বলছি তোমাকে' অ্যালবামের বিজ্ঞাপন চিত্রটা নিজেই তৈরি করেছি। আর হাবিবও সেটাই চাচ্ছিল।"
ফেরদৌস ওয়াহিদ বেশ ক'বছর যাবত গান বাজনার পাশাপাশি নাটক, টেলিফিল্ম. বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও নির্মাণ করছেন। তার পরিচালনায় চ্যানেল আইয়ের বিশেষ নাটক প্রচারিত হয় ২০০৪ সালের ১৬ ডিসেম্বর।
এরপর তিনি দুরন্ত অভিযান ও কয়েদী নামে আরও দুটি নাটক নির্মাণ করেন। এই দুটি নাটকও চ্যানেল আইতে প্রচারিত হয়।
তার নির্মিত আরও দুটি নাটক বর্তমানে প্রচারের অপেক্ষায় আছে।
ইতিমধ্যে তিনি হাবিবের ব্যবসা সফল ফোক রিমিক্সি অ্যালবাম 'পাঞ্জাবীওয়ালা'র মিউজিক ভিডিওর কাজ প্রায় শেষ করে এনেছেন।
এদিকে হাবিবের দ্বিতীয় অ্যালবাম 'বলছি তোমাকে' স্পন্সর করছে টেলিকম কোম্পানি ওয়ারিদ। এই স্পন্সরের পুরো টাকাটাই পাচ্ছেন হাবিব। আর অ্যালবামের গান থেকে তৈরি করা হবে রিংটোন, ওয়েলকাম টিউন। আর এর জন্য রয়ালটি বাবদ অগ্রিম টাকা পেয়েছেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/ঘ.
bdnews24