ওয়াশিংটন, জানুয়ারি ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- ইউটু ব্যান্ডের লিড গিটারিস্ট বিখ্যাত রক তারকা বোনো পেন্টাগন গিয়েছেন দারিদ্র বিষয়ে আলোচনা করতে। আফ্রিকা ও বিশ্বের দারিদ্র মোচনের উপায় নিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব রবার্ট গেটসের সঙ্গে কথা বলেছেন তিনি। বোনো ও গেটসের দুই প্রতিনিধি বুধবার জানিয়েছেন এ কথা।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জিওফ মোরেল জানান, মঙ্গলবার দুপুরে ২০ মিনিটের আলোচনায় আফ্রিকায় মার্কিন সেনা কমান্ড মোতায়েন প্রসঙ্গ নিয়েও কথা বলেন তারা।
মোরেল বলেন, "আমার মতে এটা এই দুজনের জন্যই ছিল একটা সুযোগ যারা আফ্রিকা মহাদেশের বিদ্যমান সমস্যাগুলো নিয়ে চিন্তিত। তারা এসব সমস্যা সমাধানের লক্ষে তাদের ভাবনাগুলি পরষ্পরের সঙ্গে বিনিময় করারও সুযোগ পেলেন।"
তাদের এ সাক্ষাতের কথা আগে প্রকাশ করা হয়নি।
দারিদ্র ও এইডসের বিরুদ্ধে লড়াই করার জন্য বোনো ২০০২ সালে যৌথ উদ্যোগে ডেটা নামে একটি সংগঠন গড়ে তোলেন। ডেটার এক মুখপাত্র জানান, ইউটু'র গায়ক ওয়াশিংটনেও গিয়েছিলেন কংগ্রেসের বাজেট কমিটির সদস্যদের সঙ্গে দেখা করতে।
ক্যাথি ম্যাককিরেনান বলেন, "বোনো প্রতিরক্ষা সচিব গেটসের সঙ্গে বিশ্ব দারিদ্র পরিস্থিতি এবং দারিদ্র ও শান্তি, স্থিতিশীলতার মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা করেন।"
আয়ারল্যান্ডে জন্ম নেওয়া রক তারকা বোনো প্রায়শ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দেখা করে দরিদ্র ও উন্নয়নশীল দেশের জন্য বৈদেশিক সাহায্য বাড়ানো ও ঋণ মওকুফের পক্ষে ওকালতি করেন।
এই প্রথম তিনি আমেরিকার সাবেক সিআইএ পরিচালকের সঙ্গে দেখা করলেন। গেটস ২০০৬ সারে ডিসেম্বরে পেন্টাগনে ডোনাল্ড রামসফেল্ডের জায়গাটি দখল করেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/০৯৪৯ ঘ
bdnews24