জানুয়ারি ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- ছবির নামকরণ নিয়ে প্রযোজকদের মধ্যে রেষারেষি বলিউডে নতুন কোন ঘটনা নয়। এবার গোল বেঁধেছে অনিল কাপুর আর ববি বেদির মধ্যে। কারণ দুজনই তাদের নতুন ছবির নাম রেখেছেন 'শর্টকাট'। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ববি বেদির ছবির পরিচালক রঞ্জিত কাপুর বলেন, "ক্যালাইডোস্কোপ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে প্রায় তিন বছর আগেই আইএমপিপিএ- তে ছবির নাম নিবন্ধন করা হয়ে গেছে। আমরা যখন জানতে পারলাম অনিল কাপুরও একই নাম রাখতে যাচ্ছেন তখনই তার সঙ্গে আমরা আলাপ করি। আসলে বিষয়টি অনিল নিজেও জানতেন না। তবে জানানোর পরেও মনে হয় না খুব একটা লাভ হয়েছে। কারণ এরমধ্যেই অনিল কাপুর একই নাম দিয়ে বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন। এবার তারা আদালতের নোটিশ পাবে। অনিল আমাদের ভাল বন্ধু। আশা করছি ব্যাপারটা সে সহজে মিটিয়ে ফেলবে।"
অনিল কাপুরের 'শর্টকাট' কমেডি ধাঁচের ছবি। অক্ষয় খান্না, আরশাদ ওয়ারসি আর অমৃতা রাও এতে অভিনয় করছেন।
অন্যদিকে ববি বেদির 'শর্টকাট' হলো থ্রিলার ধর্মী ছবি। যাতে অভিনয় করছেন ওম পুরি, অনুপম খের আর ভিক্টর ব্যানার্জির মত বাঘা বাঘা অভিনেতারা।
এছাড়া দুটো নারী চরিত্রের একটিতে থাকবে তারা শর্মা, অন্যটিতে বিদ্যা বালান। বিদ্যার চরিত্রটি তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ।
ববির বেদির শর্টকাটের কাজ শুরু হবে আসছে এপ্রিলে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/ ২০০৪ ঘ.
bdnews24