২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার শাবনূরের সঙ্গে আলেকজান্ডার বোঁ!

অশ্লীল ছবির নায়ক বলে পরিচিত আলেকজান্ডার বোঁ প্রথমবারের মতো শাবনূরের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। ছবির নাম এখনো ঠিক হয়নি। পরিচালনা করছেন এফ আই মানিক। খবর এফডিসি সূত্রে পাওয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 12:50 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

কয়েক বছর আগে বাংলাদেশের চলচ্চিত্রে যখন অশ্লীল ছবির বেনোজলে ভাসছিল তখন আলেকজান্ডার বোঁ বেশ কয়েকটি রুচিহীন চলচ্চিত্রে অভিনয় করে কুখ্যাতি লাভ করেন। এসব ছবির মধ্যে ‘চারিদিকে হাঙ্গামা’, ‘ঠেকবাজ’, ‘নিরাপত্তা চাই’ অন্যতম। তবে তিনি যে শুধু অশ্লীল ছবিরই নায়ক হয়েছেন তা নয়, বেশ কয়েকটি ভালো ছবিতেও অভিনয় করেছেন। যেমন ‘জজের রায়ে ফাঁসি’, ‘চারিদিকে শক্রু’, ‘ম্যাডাম ফুলি’ ইত্যাদি। তবে এগুলোতে তিনি দ্বিতীয় নায়কের ভূমিকায় ছিলেন, মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি।

পরিচালক এফ আই মানিক বলেন, “অশ্লীল ছবির নায়কও যে ভালো ছবিতে ভালো অভিনয় করতে পারে তা আমি আলেককে দিয়ে প্রমাণ করবো। আর অশ্লীল ছবিতে অভিনয় করেনি এমন নায়িকাদের মধ্যে শাবনূর অন্যতম। একজন কুখ্যাত নায়ক আর সুখ্যাত নায়িকাকে নিয়ে একটি রুচিশীল ছবি নির্মাণ করবো, এটাই আমার প্রত্যাশা।”

ছবির নাম এখনো ঠিক হয়নি। পরিচালক জানান, সামনের মাসেই ছবির কাজ শুরু হবে।

এফ আই মানিক পরিচালিত গত বছরের অন্যতম ব্যবসা সফল ছবি হচ্ছে  ‘দাদিমা’, ‘চাচ্চু’ ও ‘কোটি টাকার কাবিন’। এখন তিনি অভিনেতা রিয়াজ প্রযোজিত দ্বিতীয় ছবি ‘হৃদয়ে বেঁধেছি ঘর’ এর পরিচালনায় ব্যস্ত আছেন।