২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অভিনয় করতে আসছেন নিকোলাস কেজ

ভারতে নিকোলাস কেজ অভিনীত একটি চলচ্চিত্রের চিত্রায়নের কাজ হবে আগামী বছর। ওই ছবিতে মরমীবাদী হয়ে ওঠা এক সৈনিকের চরিত্রে অভিনয় করেছেন কেজ। শুক্রবার ছবিটির প্রযোজনা সংস্থা ভার্জিন কমিকস এর এক নির্বাহী কর্মকর্তা জানিয়েছে এ খবর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 06:02 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বিশ্ববিখ্যাত আত্মউন্নয়ন চর্চার গুরু দীপক চোপড়া ‘দি সাধু’ নামের এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। ভারতীয় চলচ্চিত্রকার শেখর কাপুর ছবিটির পরিচালক।

দীপক চোপড়ার ছেলে গৌতম চোপড়া ভার্জিন কমিকসের প্রধান ক্রিয়েটিভ অফিসার। ইংরেজ সেনা জেমস জেনসেনের কাহিনী নির্ভর কমিক বুক সিরিজ অবলম্বনে গড়ে উঠেছে এই ছবির গল্প। তার পরিবারের অন্য সদস্যদের মেরে ফেলেছে এমন এক হন্তারককে খুঁজতে জেমস ভারতে যায়।

“২০০৮ সালের শুরুর দিকে ভারতে চিত্রায়নের কাজ শুরু করতে চাই আমরা।” জানিয়েছেন গৌতম। ছবিটির বেশির ভাগই ভারতে চিত্রায়িত হবে।

গত বছর কমিক বইটি পড়ার পর এই ছবিতে কাজ করার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন কেজ। ভারতে চিত্রায়নের সিদ্ধান্তটি কেজের মনে ধরেছে।

ভার্জিন কমিকসের সাথে গত ১ বছর ধরে যুক্ত আছেন ব্রিটিশ বিলিওনিয়ার রিচার্ড ব্রানসন, দীপক চোপড়া ও শেখর কাপুর।

কেজের বয়স এখন ৪৩। ১৯৯৫ সালে ‘লিভিং লাস ভেগাস’ ছবির জন্য তিনি অস্কার জেতেন।