২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার টিনটিনকে নিয়ে অ্যাডভেঞ্চারে করবেন স্পিলবার্গ

ক্যাপ্টেন হ্যাডেক কিঞ্চিত রগচটা ধরনের মানুষ। জীবনের একটা বিশাল সময় জাহাজের ক্যাপ্টেন হিসাবে কাটিয়েছেন তিনি। পানীয়ের প্রতি তার প্রবল আসক্তি। আর প্রফেসর ক্যালকুলাস ঠিক উল্টোটা। নিতান্তই আলাভোলা ধরনের মানুষ তিনি। কানে একেবারেই শোনেন না অথচ তার ধারনা অন্যেরাই কানে শোনে না। সারাদিন পড়ে থাকেন জ্ঞান বিজ্ঞান নিয়ে। এরকম করতে করতেই একদিন তিনি চাঁদে যাওয়ার সকল যোগাড় যন্ত্র করে ফেলেন। ক্যাপ্টেন হ্যাডেক ক্যালকুলাসের পাগলামিতে পড়ে তার পিতৃপ্রদত্ত প্রাণটা কোন অবস্থাতেই হারাতে চান না। শেষ পর্যন্ত টিনটিনের মধ্যস্থতায় সবাই মিলে রওনা দেন পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের উদ্দেশে। সেখানে যে কত কাহিনী! আরেকটু হলে মরতে বসেছিলো সবাই।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

যে সময়ের কথা বলা হচ্ছে তখনো মানুষ চাঁদে গিয়ে পৌছাতে পারেনি। তার আগেই টিনটিন তার দলবলসহ ঘুরে এসেছে চাঁদের মাটি থেকে। সেটা পঞ্চাশের দশকের কথা। এবং এসবই কল্পকথা। বাস্তবে মানুষ প্রথম চাঁদে যায় ১৯৬৯ সালে। বিখ্যাত কমিকস চরিত্র টিনটিন শিল্পী হার্জের অমর সৃষ্টি।  এবার এই চরিত্রটিকে নিয়ে ছবি বানাতে যাচ্ছেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। টিনটিনের কমার্শিয়াল স্টুডিও মলিনসার্ট এনভির কর্তা ব্যক্তি নিক রডওয়েল বৃহস্পতিবার এই ঘোষণা দেন। একাধিক ওয়েবসাইট সুত্রে এ খবর জানা গেছে।

অস্কার বিজয়ী এই পরিচালক সেই আশির দশকের শুরু থেকেই টিনটিনের কমিকস থেকে ছবি বানানোর ইচ্ছা পোষন করে আসছিলেন। “অবশেষে ২৫ বছর পর স্পিলবার্গ বলেছেন, ওকে, লেটস গো” জানিয়েছেন রডওয়েল।

কিন্তু এখনও ঠিক পরিস্কার না টিনটিনের কোন অ্যাডভেঞ্চারকে চলচ্চিত্রে রূপ দিতে যাচ্ছেন তিনি। রডওয়েলের ভাষ্যমতে যেটা দিয়েই শুরু করা হোক না কেন সেটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে।

টিনটিন স্রষ্টা হার্জ ১৯৮৩ সালে তার মৃত্যুর পূর্বে টিনটিনকে হলিউডের ব্যানারে দেখার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। এ প্রসঙ্গে রডওয়েল বলেন, “স্টিভেন স্পিলবার্গ যদি টিনটিনকে নিয়ে ছবি তৈরী করেন তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এখন দেখা যাক পুরো বিষয়টা কি দাড়ায়।”

অবশ্য এর আগেও যে টিনটিনকে নিয়ে ছবি বানানো হয়নি তা নয়। ষাট এর দশকে ফ্রেঞ্চ ভাষায় দুটি ছবি বানানো হয়েছিলো কিন্তু তা তেমন সাড়া জাগাতে পারে নি। এবারে স্পিলবার্গের পরিচালনায় টিনটিনকে কার্টুন অ্যানিমেশন নাকি কম্পিউটার অ্যানিমেশন নাকি বাস্তব চরিত্রের আকারে দেখা যাবে তা এখনো জানা যায় নি।

অকুতোভয় টিনটিনের জন্ম ১৯২৯ সালে। তার প্রথম অ্যাডভেঞ্চার প্রকাশিত হয় ‘দি ল্যান্ড অফ দি সোভিয়েটস’ নামে। তারপর একে একে প্রকাশিত হয় ২৪ টি অ্যাডভেঞ্চার কাহিনী। সে সবে তার সার্বক্ষনিক সঙ্গী কথা বলা কুকুর স্নোয়ি। বাংলা ভাষায় তার নাম কুট্টুস।

কোথায় যায়নি টিনটিন অ্যাডভেঞ্চারের খোঁজে। লোহিত সাগরে ছোট্ট নৌকায় ভেসে বেড়ানো থেকে শুরু করে আফ্রিকার কঙ্গোয় পোষ মানিয়েছে হাতিকে। কথা বলতে শিখেছে হাতির ভাষায়। টিনটিনের পদধূলি পড়েছে এই ভারতীয় উপমহাদেশেও। অ্যাডভেঞ্চার আর রহস্যেও খোঁজে জান বাজি রেখেছে সে প্রতিবার। এমন একটি চরিত্রকে কি ভালো না বেসে পারা যায়?

মানুষ ভালোবেসেছেও। সারা পৃথিবীর কার্টুনপ্রিয় মানুষদের কাছে টিনটিন জনপ্রিয় একটি নাম। বেলজিয়ান এই রিপোর্টার অনেকেরই ছোটবেলার স্বপ্নের নায়ক। জর্জ রেমি বা হার্জের এই কালজয়ী চরিত্রটি এখনো মনে গেঁথে আছে সবার। নতুন প্রজন্মের একটা অংশ এখনও টিনটিনের অ্যাডভেঞ্চারকে সঙ্গী করে বেড়ে উঠে। তা না হলে কি টিনটিনের ২৪টি অ্যাডভেঞ্চার সারাবিশ্বে ২২ কোটি কপি বিক্রি হয়, আর অনূদিত হয় ৭৭টি ভাষায়?