২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার বিজয়ী 'দি লাইভস অফ আদারস' রিমেক হচ্ছে

এবারের অস্কারে বিদেশী চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নেওয়া জার্মান ছবি ‘দি লাইভস অফ আদারস’ ইংরেজি ভাষায় নতুন করে নির্মিত হতে যাচ্ছে। ‘ডেইলি ভ্যারাইটি’র বৃহস্পতিবার সংস্করণে একথা জানানো হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 07:32 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

‘দি লাইভস অফ আদারস’ গোয়েন্দা কাহিনীনির্ভর জমজমাট একটি চলচ্চিত্র। এর কাহিনী আবর্তিত হয়েছে আশির দশকের একজন গোয়েন্দার কর্মকাণ্ডকে ঘিরে। এটি পরিচালনা করেছেন ফ্লোরিয়ান হেঙ্কল ভন ডনারস্মার্ক। এর লেখকও তিনি নিজেই। অভিষেক চলচ্চিত্র দিয়েই তিনি জয় করে নিয়েছেন এবারের অস্কার।

দারুণ জনপ্রিয়তা পাওয়া এই চলচ্চিত্রটি ইংরেজি ভাষায় নতুন করে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এর পেছনে মূল ভূমিকা পালন করছেন মিরাম্যাক্স ফিল্মের সাবেক প্রধান বব ও হার্ভে ওয়েনস্টেইন এবং চলচ্চিত্র নির্মাতা সিডনি পোলক ও অ্যান্থনি মিঙ্ঘেলা। পোলক ১৯৮৫ সালে ‘আউট অফ আফ্রিকা’র প্রযোজনা ও পরিচালনার জন্য অস্কার পেয়েছিলেন। আর মিঙ্ঘেলা ১৯৯৬ সালে ‘দি ইংলিশ পেশেন্ট’ পরিচালনার জন্য অস্কার জেতেন।

‘ডেইলি ভ্যারাইটি’কে পোলক জানান, “এই চলচ্চিত্রটির জন্য আমাদের অনেক ভালোবাসা জন্মে গেছে। তাই আমরা চাইছি এটি ইংরেজি ভাষায় পুনঃনির্মাণ করতে যাতে এটি আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে।”

তবে কবে নাগাদ এ কাজ শুরু হবে তা এখনও ঠিক হয়নি। পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে পোলক জানান, “আমরা এখনও এটা তৈরি করার ব্যাপারে সবকিছু ঠিক করে ফেলিনি। কিন্তু আমরা প্রচুর পরিশ্রম করছি যাতে কাজটা শুরু করতে পারি।”