রাজনৈতিক দলগুলো অমিতাভকে রাষ্ট্রপতি বানানোর কথা ভাবছে
রুপালী পর্দায় একাধিকবার রাজনীতিবিদ এবং সাংসদদের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষন দিয়ে এবং অ্যাকশন দেখিয়ে জনতার হাততালি পেয়েছেন যে মহানায়ক সেই অমিতাভ বচ্চনকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দেওয়ার কথা ভাবছে ভারতের ৪টি রাজনৈতিক দল। শুক্রবার একাধিক ভারতীয় গনমাধ্যম সূত্রে জানা গেছে এ খবর।
৬৪ বছর বয়ষ্ক এই সুপারস্টার ২ দশক আগে আচমকা একবার রাজনীতিতে নামলেও বিশেষ সুবিধা করতে পারেননি। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে এবারে তিনি এই প্রস্তাবে গররাজী হতে পারেন বলে ধারণা করছেন অনেকে।
সাংসদরা শিগগিরই একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। এ পি জে আবদুল কালামের আগ পর্যন্ত প্রবীন রাজনীতিবিদরাই সাধারণত এই পদে আসীন হয়েছেন। ভারত রাষ্ট্রপতির কার্য মেয়াদকাল ৫ বছর। আগামী জুলাইয়ে আবদুল কালামের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
ভারতের কেন্দ্রীয় ও রাজ্য লোকসভার সাংসদদের নিয়ে গঠিত ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়ে থাকে।
ড. কালামের আগে ভারতের রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হন ড. রাজ্রেন্দ্রপ্রসাদ. ড. সর্বপল্লী রাধাকৃষ্ণান, ড. জাকির হোসেন, শ্রী ভেঙ্কট গিরি, ড. ফকরুদ্দিন আলী আহমেদ, শ্রী নীলম সঞ্জীব রেড্ডি, জ্ঞানী জৈল সিং, শ্রী ভেঙ্কটরমন, শ্রী শংকর দয়াল শর্মা এবং শ্রী কে আর নারায়ানান।
দি টাইমস নাউ টেলিভিশন চ্যানেল জানিয়েছে, কিছু রাজনৈতিক দল রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ৪ জনের কথা ভাবছেন যার মধ্যে রয়েছে অমিতাভ বচ্চনের নামও। বাদবাকীরা সবাই প্রবীণ রাজনীতিবিদ।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, “টিডিপি এবং সমাজবাদী পার্টির নেতারা বচ্চনকে কীভাবে রাজী করানো যায় তা নিয়ে আলোচনা করছেন।” ভারতের রাজনীতিতে এ দুটি দলের বিশেষ প্রভাব রয়েছে।
বচ্চনের ব্যাপারে আরো যে দুটি দল ঐকমত্য পোষণ করছে তারা হলো এআইএডিএমকে এবং আসম গন পরিষদ।
দশকের পর দশক ধরে ভারতীয় চলচ্চিত্রমোদীদের মাতিয়ে রাখা কিংবদন্তীর এই অভিনেতা ৮০’র দশকে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অনুরোধে কংগ্রেসের পক্ষে সাংসদ নির্বাচনে অংশ নিতে সম্মত হন।
বচ্চন পরিবার ও গান্ধী পরিবারের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু এক অস্ত্র লেনদেনের স্ক্যান্ডালে তার নাম জড়িয়ে পরার প্রেক্ষিতে বচ্চন রাজনীতি থেকে সরে আসেন। ওই ঘটনা রাজীব গান্ধীর সরকারকে বেশ ঝামেলায় ফেলেছিল।
এরপর বচ্চন সমাজবাদী পার্টির দিকে ঝুঁকে পরেন। তার স্ত্রী জয়া বচ্চনও এই দলের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন।
কংগ্রেস পারতপক্ষে বচ্চনদের প্রসঙ্গ এড়িয়ে চলে। এবারে রাষ্ট্রপতি পদে অমিতাভের নাম আসায় তারা মুখ খুলতে বাধ্য হন। কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি টাইমস নাউকে যা বলেন তার মর্মার্থ হচ্ছে, ভারতের অবস্থা এখনো এতো খারাপ হয়নি যে চলচ্চিত্রের নায়ককে রাষ্ট্রপতির পদে নিয়োগ দিতে হবে, হোক না তিনি যতো বড় অভিনেতা।
আর অমিতাভ বচ্চনকে এ ব্যপারে জিজ্ঞেস করলে তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, বিষয়টা সম্পর্কে তিনি কিছু জানেন না। এমনকি এ ব্যপারে পত্রপত্রিকায় কী লেখা হয়েছে তাও তিনি পড়েননি।
অতীতে বেশ কয়েকবার বচ্চন বলেছেন যে তিনি আর কখনো রাজনীতিতে ফিরবেন না। রাজনীতিতে নামার পরে তাকে নিয়ে যে অর্থনৈতিক অসততার অভিযোগ উঠেছিল সে কারণে তিনি এখনো মর্মপীড়া অনুভব করেন বলে জানিয়েছেন এই কুশলী অভিনেতা।
