সাগরের চলচ্চিত্রে জীবন দেখার নিমন্ত্রণ
জীবনের বোধ আর বিরোধের ছবি তুলে ‘জীবন’ দেখার নিমন্ত্রণ জানালেন চলচ্চিত্রকার মোল্লা সাগর। ছবি বানাতে গল্প বুনতে হয়নি সাগরকে। পুঁজির উন্মত্ত ছোবল থেকে নিজের অস্তিত্ব রক্ষায় উত্তর জনপদের আদিবাসী-প্রান্তিক মানুষের সংগ্রামকেই তুলে ধরেছেন তিনি সেলুলয়েডে। রাষ্ট্রীয় নিপীড়নের বিপরীতে সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের প্রতিবাদী চেতনা আর স্বপ্নবাজ তারুণ্যের দুর্মর সাহস কিংবা গ্রাম-শহরের খেটে খাওয়া-গান গাওয়া মানুষেরাই গণনায়ক হয়ে উঠে আসেন সাগরের ছবিতে।
সাগরের ‘চলো মন নাটক দেখতে যাই’, ‘শিরোনামহীন ২৩ জুলাই’ কিংবা ‘দুধ-কয়লা’ প্রামান্যচিত্রগুলোর মুখোমুখি হলে কারো কারো নিজেকে নিজঘরে ‘পরবাসী’ মনে হতেই পারে। নিমন্ত্রণ তাদের জন্য!
এ নিমন্ত্রণের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ‘লাইফ বাংলাদেশ’-কে। সাগরের এ তিনটি প্রামান্যচিত্র প্রকাশের মধ্য দিয়েই চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান লাইফ বাংলাদেশের যাত্রা শুরু। এ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ৩ ফেব্র“য়ারি সুধী সমাবেশ ও প্রদর্শনীর আয়াজন করেছিল তারা।
চলো মন নাটক দেখতে যাই - এ বাংলাদেশের গ্রাম শহরের খেটে খাওয়া-গানগাওয়া মানুষের অন্তরের সুর আবিষ্কারের চেষ্টা ষ্পষ্ট। সঙ্গীত বিচারে ভাটিয়ালি, ভাওয়াইয়া কিংবা মুর্শিদি হয়তো নয় সে গান। তবে আরও প্রত্যক্ষ আরও খোলামেলা সরাসরি জীবনের বয়ান থাকে সে গানে। প্রাত্যহিক জীবন যুদ্ধ থেকে আমাদের মুক্তিযুদ্ধ আর সহজিয়া দর্শনের কথা বলে সে নাটক, সে গান।
‘দুধ-কয়লা’র মধ্যে যে দ্রোহের গল্প বলা হয়েছে সে কি আমাদের অজানা? বরেন্দ্রর আদিবাসী সাঁওতাল, প্রান্তিক মানুষেরা ফুলবাড়ীতে কোম্পানির হাতছানি অগ্রাহ্য করে পরিবেশ বিপর্যয়ের মরণ-খনি রুখতে যে সংগ্রাম করে চলেছেন তার শিলালিপিতো আমাদের গ্রাম জনপদের হজার বছরের ইতিহাসে লেখা। খনিজ সম্পদ ‘কাজে লাগানো’ আর তথাকথিত বিলিয়ন ডলারের বিদেশী বিনিয়োগের নামে দেশী বিদেশী লুটেরা মুনাফাখোরদের হরিলুটের বন্দোবস্ত ঠেকাতে প্রাণ দিতে হবে আর কতো মানুষকে।
উত্তর জনপদের ওই সরল মানুষগুলো ‘মাল্টি ন্যাশনাল কোম্পানি’ কিংবা ‘ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশন’ কতোটা বোঝেন জানা নেই। কিন্তু ভিটে মাটি জমি জিরেত ক্ষেত ফসল থেকে তাদের সমূলে ঊপড়ে ফেললে ‘এমএনসি-গ্লোবালাইজেশন’ বোঝা শহুরে মানুষেরা যে বাস্তুচ্যুত ওই মানুষগুলোর জন্য একটি নাগরিক শোক সমাবেশের চাইতে বেশী কিছু করবেন না তা ওরা ভালই বোঝেন। এ সত্যটাই কি কথা বলেনি সাগরের ‘দূধ-কয়লায়’ ?
“ফুলবাড়ীতে গুলিতে নিহত.....” শিরোনামের আগ পর্যন্ত ঢাকার গণমাধ্যমে ‘টাটা’র ফ্যাক্টরি দেখা গেলেও ওই মানুষদের চেহারা দেখা যায়নি। কিন্তু সচেতন অন্য কারো কারো মতো সাগর আর তার বন্ধুরা বুঝেছিলেন দুধ-কয়লার মরণ ফাঁদের বিষয়টি। তাই নিজের চোখ দুটি ক্যামেরায় পুরে নিয়ে ছুটে গিয়েছেন বুকচি গ্রামে-ফুলবাড়ীতে। তারা সেখানে জীবন দেখেছেন, দেখিয়েছেন আমাদেরকেও।
‘শিরোনামহীন ২৩ জুলাই’ কেন শিরোনামহীন থেকে গেলো তার জবাব আমরা কতোটা জানি? আমাদের রাষ্ট্র বিশ্ববিদ্যালয় গণমাধ্যম সর্বোপরি শিক্ষা সবকিছু বহাল তবিয়তে থাকার পরও শামসুন্নাহার হলের আন্দোলনকে কেন আমাদের শুধুমাত্র টাইমফ্রেমে যীশুজন্মের ২ হাজার ২ বছর সাতমাস ২২ দিন পরের ‘একটি অপ্রীতিকর ঘটনা’ হিসেবে খাতাবন্দি করে রাখতে হল। সেদিন রাজপথে নেমে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ছাত্রছাত্রী এর জবাব খুঁজেছেন, কেউ কেউ হয়তো এখনো খুঁজছেন। সাগরও ছবিতে এর জবাব খুঁজেছেন, নিজের মতো করেই।
একসময় এ বিশ্ববিদ্যালয়েরই চারুকলার শিক্ষার্থী সাগর যাত্রা শুরু করেছিলেন আলোকচিত্র দিয়ে। যারা আগে ওর স্থিরচিত্র দেখেছেন তারা হয়তো ওর সেই চোখটা ছবির পর্দায় এখনো চিনতে পারবেন। কিন্তু স্থিরচিত্র থেকে চলচ্চিত্রে এলেন কেন সাগর? চলচ্চিত্র বানাতে এসে ক্যামেরা নিয়ে ঘুরতে লাগলেন মাঠে ময়দানে বিলে ঝিলে মিছিলে..। চিতলমারীর বিলে ‘পাখিদের ইতিকথা’ থেকে শামসুন্নাহার..ফুলবাড়ী..। অবশ্য এজন্য বাড়তি পরিশ্রম করতে হয়নি সাগরকে। কারণ এসবের মধ্যেই ছিলেন তিনি। অনেকটা অ্যাকটিভিস্ট শিল্পীর মতো।
ফিকশন এর যুগে আমরা যখন ক্রমাগত নিজেদের হাস্যকররকম সমাজবিচ্ছিন্ন গল্পের ফাঁদে আর হাল ফ্যাশানের ‘সিনেমার আত্মীয় পরিজনে’ সীমিত করে ফেলছি তখন সাগরের ক্যামেরা আমাদের মনে করিয়ে দিচ্ছে, ‘ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন’।
