২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনির খান আসিফের নতুন অ্যালবাম

অক্টোবরের শেষদিন বাজারে এসেছে মনির খান-আসিফের নতুন অ্যালবাম 'চলো যাই প্রেমনগর'। এটি শিল্পীদ্বয়ের দ্বিতীয় দ্বৈত অ্যালবাম। অ্যালবামটিতে মোট ১২টি গান রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 12:48 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

নভেম্বর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অক্টোবরের শেষদিন বাজারে এসেছে মনির খান-আসিফের নতুন অ্যালবাম 'চলো যাই প্রেমনগর'। এটি শিল্পীদ্বয়ের দ্বিতীয় দ্বৈত অ্যালবাম। অ্যালবামটিতে মোট ১২টি গান রয়েছে। অ্যালবামের সবগুলো গান লিখেছেন গীতিকার শহীদুল্লাহ ফরায়জী। গানগুলোতে যৌথভাবে সুর ও সংগীতায়োজন করেছেন আজাদ মিন্টু ও পল্লব সান্যাল। গানগুলোতে রয়েছে অ্যাক্যোস্টিক যন্ত্রের ব্যবহার। গানের কথা ও সুরের স্বার্থেই সচেতনভাবে বাদ দেয়া হয়েছে ইলেক্ট্রিক যন্ত্রের ব্যবহার। 'চলো যাই প্রেমনগর' অ্যালবামের উল্লেখযোগ্য কয়েকটি গানের শিরোনাম এরকম : 'আমার হৃদয় আমারেই পোড়ায়', 'তোমার হাতে আমারে মৃত্যুদণ্ড দিলে', 'পৃথিবীটাই স্বর্গ হয়ে যাবে', 'কত আর করব গোপন', 'কলঙ্কে শয্যা পেতে', 'যায় না প্রতারণা' ইত্যাদি। আসিফের নিজস্ব প্রযোজনা সংস্থা আর্ব এর প্রযোজনা ও সাউন্ডটেকের পরিবেশনায় বেরিয়েছে অ্যালবামটি। এ প্রসঙ্গে গীতিকার শহীদুল্লাহ ফরায়জী বলেন, " আমি বরাবরই চেষ্টা করি গানের মধ্য দিয়ে শ্রোতাদের একটু অন্তর্মুখী করে তুলতে। অর্থাৎ আমার গান শুনে যেন শ্রোতারা একটুর জন্য হলেও নিজেকে নিয়ে ভাবে। অন্যের সমালোচনা থেকে বিরত থাকে। এ অ্যালবামেও সে চেষ্টাই রয়েছে।" তিনি বলেন, "মনির খান এবং আসিফ দু'জনই এ মুহূর্তে প্রথম সারির গায়ক। সেই দু'জনের জন্য এক অ্যালবামের সবক'টি গান লেখার সৌভাগ্য আমার হয়েছে। আমাকে এতটা ভরসা করায় দু'জনের কাছে কৃতজ্ঞ আমি।" দ্বিতীয় বারের মতো মনির খানের সঙ্গে অ্যালবাম করা প্রসঙ্গে আসিফ জানান, "আমাদের প্রথম প্রজেক্টের সাফল্যের সূত্র ধরে আবারও আমরা গেয়েছি একই অ্যালবামে। প্রথমটি তৈরি ও প্রকাশের দায়িত্ব ছিল মনির খানের আর এবারেরটির পূর্ণাঙ্গ দায়িত্ব বর্তেছে আমার উপর। আশা করছি ফরায়জী ভাই'র কথায়, আজাদ মিন্টু ও পল্লবের সুরে এ অ্যালবামের সফলতা আসবে আরও ব্যাপকহারে। " বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮৪১ ঘ