অক্টোম্বর ০৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘদিন রুপালী পর্দায় কারিশমাকে না দেখে যারা হতাশ তাদের জন্য সুখবর, কারিশমা আসছেন। বলিউডে ফিরবেন কিনা শতভাগ নিশ্চিত না হলেও, আপাতত তাকে টিভি পর্দায় দেখা যাবে। একটি জনপ্রিয় রঙের বিজ্ঞাপনে শীঘ্রই দেখা যাবে এই বলিউড অভিনেত্রীকে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ওই রঙ কোম্পানির প্রধান পরিচালক রজত জহরি জানান, কারিশমা তাদেরকে সম্মতি জানিয়েছেন। অনেক আলাপ আলোচনার পর কারিশমা তাদের পন্যের বিজ্ঞাপনে কাজ করতে রাজী হয়েছেন। প্রথমে তিনি নিশ্চিত ছিলেন না তিনি এই বিজ্ঞাপন করবেন কিনা। "পরে তিনি আমাদের জানান, 'আমি অনেকদিন ধরে কোন কাজ করছি না। আশা করি এই কাজটা তেমন কোন ক্ষতি করবে না।"
দিনো মারিনোর প্রোডাকশন হাউজ এই বিজ্ঞাপন বানাবে বলে জানা গেছে। এর আগে তারা কারিনা কাপুরকে নিয়ে আরেকটি রঙের বিজ্ঞাপন বানিয়েছিল। রজত জহরী জানান, "বিজ্ঞাপনের আইডিয়াটা কারিশমা খুবই পছন্দ করেছেন। তিনি মনে করেন, এই বিজ্ঞাপনের কনসেপ্ট তার ব্যক্তিত্ত্বের জন্য ইতিবাচক হবে।"
এদিকে জোরদার গুঞ্জন, 'ইউ অ্যান্ড আই' ছবির মাধ্যমে আবার বলিউডে ফিরছেন কারিশমা। এই ছবির ব্যাপারে নির্মাতা অনিরকে প্রশ্ন করা হলে তিনি জানান, "কারিশমা এখনো কোন সিদ্ধান্ত জানাননি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৩৪২ ঘ
bdnews24