টোল আদায় করে সড়ক রক্ষণাবেক্ষণের ভাবনা
সড়ক, সেতু ও কালভার্ট মেরামতে চলতি অর্থবছরে প্রায় ৬ হাজার ২৯৫ কোটি টাকা প্রয়োজন হবে।
দেশের সড়ক রক্ষণাবেক্ষণে সড়ক থেকেই টোল আদায় করে তহবিল গঠনের ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সরকারপ্রধানের কথায় এ ভাবনা উঠে আসে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, “বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, এত সড়ক বানিয়েছি আমরা, এত সড়ক আমরা পাকা করছি, খুলে দিচ্ছি নিত্ত-নৈমিত্তিক। ফলে এই ভাটির দেশ, পানির দেশ, জলের দেশ- ভাঙা হয় প্রচুর। হেভি ট্রাফিক বিকজ অব হেভি গ্রোথ।”
শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন এম এ মান্নান। তবে কোন সড়ক থেকে এবং কিভাবে তা কবে থেকে নেওয়া হবে সে বিষয়ে কিছু বলেননি প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, “ইকোনমিক গ্রোথের জন্য সার্ভিস বেড়েছে ওভার নাইট। সকল হিসাব ভণ্ডুল হয়ে যাচ্ছে। যে পরিমাপ করে আমরা রাস্তা বানিয়েছি, তার চেয়ে বেশি প্রবৃদ্ধি হচ্ছে। বেশি ব্যবসা-বাণিজ্য হচ্ছে, ফলে রাস্তাঘাট ভাঙ্গছে। এটা আমাদের জন্য…বিশাল হিমশিম খেতে হয়।”
সড়ক ও জনপথ অধিদপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন নিডস রিপোর্ট ২০২২-২৩ অনুযায়ী, সড়ক, সেতু ও কালভার্ট মেরামতের জন্য চলতি অর্থবছরে প্রায় ৬ হাজার ২৯৫ কোটি টাকা প্রয়োজন হবে।
একনেক সভার আলোচনার প্রসঙ্গ টেনে পরিকল্পনামন্ত্রী বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, চিন্তা করা উচিত যে মেনটেইন্যান্সের জন্য বর্তমান ধারায় যা মেনটেইন্যান্স করি, এর বাইরে গিয়ে টোল আদায় করে বিভিন্ন যে রাজস্ব পাব তা দিয়ে আলাদা একটা ডেডিকেটেড অ্যাকাউন্ট সরকার যেন তৈরি করে। যার মাধ্যমে আমরা দ্রুত ভাল জোরালো মেনটেইন্যান্স করতে পারি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকে এদিন ৫২ হাজার ৬১২ কোটি টাকা ব্যয়ের ৩৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
