১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.২%: বিশ্ব ব্যাংক

চলতি অর্থবছরে ৭.৫% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 03:29 PM

Updated : 04 Apr 2023, 03:28 PM

চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে বিশ্ব ব্যাংক, যেখানে সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।

মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে সংস্থার কার্যালয়ে এই প্রাক্কলনের কথা তুলে ধরেন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি আব্দুলায়ে সেক।

বিশ্বব্যাপী মহামারীর মধ্যে যুদ্ধের পরিস্থিতিতে সরকারের ইতিবাচক কিছু সিদ্ধান্ত বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারে সহায়ক হয়েছে জানিয়ে চাপ সামলে উঠতে দেশের ব্যাংকিং খাতে কিছু সংশোধনের পরামর্শ দেন তিনি।

ব্যাংকিং খাতের তিনটি সংশোধনের কথা তুলে ধরে বিশ্ব ব্যাংক প্রতিনিধি বলেন, ঋণের সুদ হারের ক্যাপ তুলে দিতে হবে, ব্যাংকের বোর্ড সভায় আইনের প্রয়োগ করতে হবে এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার একটি বিনিময় হার নির্ধারণ করতে হবে।

বৈশ্বিক অস্থিরতার ধাক্কা সামলানোর ক্ষেত্রে ভালো করলেও চলতি অর্থবছরের শুরুতে বিশ্ব ব্যাংক বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করেছিল ৬ দশমিক ৭ শতাংশ। তবে বৈশ্বিক সংকটের বিস্তৃত পরিসর বিবেচনায় নিয়ে কয়েক মাস পরে গত অক্টোবরে সেই অঙ্কটি ৬ দশমিক ১ শতাংশে নামিয়ে এনেছিল সংস্থাটি।

এরপর গত ১০ জানুয়ারি সংস্থাটির গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টসে ২০২২-২৩ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ প্রক্ষেপণ দেওয়া হয়। দুই মাস পর জিডিপি প্রবৃদ্ধির সেই একই আভাস দিল বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটি।

বিশ্ব সংস্থাটি বলেছিল, চড়তে থাকা মূল্যস্ফীতি খানাগুলোর আয়ে নেতিবাচক প্রভাব রাখবে, যার প্রভাব পড়বে সার্বিক অর্থনীতিতে।

অর্থনীতির গতিপথে তরতরিয়ে চলতে থাকা বাংলাদেশ হোঁচট খায় কোভিড মহামারীতে, এরপর রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে খাবি খাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে।

সরকারের চূড়ান্ত হিসাবে ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয় ৭ দশমিক ১০ শতাংশ। অর্থনীতির বিভিন্ন সূচকে দোদুল্যমান অবস্থার মধ্যেও সরকার চলতি অর্থবছরের বাজেটে ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে, যাকে অনেকেই বলছেন উচ্চাভিলাষী।

বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ বার্নার্ড হেভেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

পুরানো খবর:

বাংলাদেশের প্রবৃদ্ধি আরও কমিয়ে ৫.২% ধরছে বিশ্ব ব্যাংক

পুরানো খবর:

২০২২-২৩ অর্থবছরে ৭.৫% জিডিপি প্রবৃদ্ধির আশা