২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রণীর এমডি হামিদের পক্ষেই মুহিত

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে সৈয়দ আবদুল হামিদকে রাখার প্রশ্নে বাংলাদেশ ব্যাংক আপত্তি জানালেও তা গ্রহণযোগ্য মনে হয়নি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 09:04 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

সেই কারণে তাকে আরও এক বছর রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির গুরুত্বপূর্ণ পদে সরকার নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।  

গত ৯ জুলাই অর্থ মন্ত্রণালয় হামিদের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে আদেশ জারি করে। তিন মেয়াদে পাঁচ বছর ধরে এই দায়িত্বে ছিলেন তিনি। ১০ জুলাই তার সর্বশেষ নিয়োগের মেয়াদ শেষ হয়েছিল।

হামিদের মেয়াদ সর্বশেষ বাড়ানোর আগে অনাপত্তি চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছিল অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

ঋণ বিতরণ অনিয়মের কথা তুলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তখন আপত্তি জানানো হলেও অর্থ মন্ত্রণালয় তাতে গা করেনি।

রাষ্ট্রায়ত্ত সোনালী ও বেসিক ব্যাংকে ঋণ কেলেঙ্কারির পর অগ্রণী ব্যাংকে হামিদকে পুনঃনিয়োগ নিয়ে গণমাধ্যমে সমালোচনা হচ্ছে।

রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর বিষয়টি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশ ব্যাংকের আপত্তি আমার কাছে গ্রহণযোগ্য হয়নি।

“যে কারণে তারা আপত্তি করলেও আমরা তাকে নিয়োগ দিয়েছি। বাংলাদেশ ব্যাংক ডোন্ট নো হোয়াট ইজ দেয়ার বিজনেস। গত তিনবছর তার(হামিদ) মেয়াদ বাড়ানো হয়েছে। আমার কাছে কোনো অভিযোগ আসেনি।”

Image
সৈয়দ আবদুল হামিদ

সৈয়দ আবদুল হামিদ

হামিদকে পুনঃনিয়োগ দিয়ে অর্থ মন্ত্রণালয়ের আদেশেও বলা হয়েছিল, “এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণের প্রয়োজন নেই।”

ব্যাংক কোম্পানি আইনে কেন্দ্রীয় ব্যাংক থেকে এই অনাপত্তি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আইনে বলা আছে, ‘বিশেষায়িত ব্যাংক ছাড়া অন্য যে কোনো ব্যাংক কোম্পানিকে পরিচালক, এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্তি ও পদায়নের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।”

এই আইন অনুযায়ীই সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ পেয়ে থাকেন।

হামিদের মেয়াদ বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক তাদের আপত্তির কারণ হিসেবে অগ্রণী ব্যাংকের প্রায় ৫০০ কোটি টাকার ঋণ অনিয়মের কথা তুলেছিল বলে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংক ওই ঋণে হামিদের সম্পৃক্ততার সন্দেহ করছে। ওই ঋণের মধ্যে মুন গ্রুপের ৩০০ কোটি টাকার ঋণ রয়েছে।

“মুন গ্রুপের ঋণের যথাযথ জামানত নেওয়া হয়নি, ফলে ব্যাংকের এই অর্থের পুরোটাই এখন ঝুঁকিপূর্ণ,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা।

তিনি বলেন, এসব ঋণ বিতরণে কী কী অনিয়ম হয়েছে, তার বিস্তারিত তদন্ত প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়কে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু সেসব প্রতিবেদন আমলে নেয়নি অর্থ মন্ত্রণালয়।

পুরনো খবর:

অগ্রণী ব্যাংকে হামিদ আরও এক বছর