লেনদেন ভারসাম্যে রেকর্ড ঘাটতি
বাংলাদেশের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালেন্স অব পেমেন্ট) ঘাটতি ২ বিলিয়ন ( ২০০ কোটি) ডলার ছাড়িয়েছে।
এই ঘাটতি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। বাংলাদেশের ইতিহাসে এর আগে কথনোই অর্থনীতির এই সূচকে এতে ঘাটতি দেখা দেয়নি।
বাণিজ্য ঘাটতি বাড়ায় এই ঘাটতি বেড়েছে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষক জায়েদ বখত। তবে এতে বিচলিত হওয়ার কিছু নেই বলে তার মন্তব্য।
তিনি বলেছেন, “অন্য সময় হলে সমস্যা হত। কিন্তু এখন যেহেতু আমাদের ২৫ বিলিয়ন ডলার রিজার্ভ মজুদ আছে সেজন্য আমদানি ব্যয় মেটাতে কোনো ঝামেলা হবে না।”
উল্টো আমদানি বাড়ায় বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন বিআইডিএসের এই গবেষক।
৩০ জুন ২০১৪-১৫ অর্থবছর শেষ হলেও বাংলাদেশ ব্যাংক লেনদেন ভারসাম্যের ১১ মাসের অর্থ্যাৎ জুলাই-মে সময়ের তথ্য প্রকাশ করেছে। বুধবার এই তথ্য প্রকাশ করা হয়েছে।
তাতে দেখা যায়, সেবা ও পণ্য বাণিজ্যের ঘাটতির কারণে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যেও বড় ঘাটতি দেখা দিয়েছে। জুলাই-মে সময়ে এই ঘাটতি দাঁড়িয়েছে ২০০ কোটি ১০ লাখ (২ বিলিয়ন) ডলার। অথচ আগের অর্থবছরের (২০১৩-১৪) একই সময়ে ১৩৬ কোটি ( ১ দশমিক ৩৬ বিলিয়ন) ডলার উদ্বৃত্ত ছিল।
সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে।
এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়।
বাংলাদেশ ব্যাংকের লেনদেন ভারসাম্যের গত ১৫ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, তিনটি বছর ছাড়া অন্য বছরগুলোতে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য উদ্বৃত্তই ছিল।
জায়েদ বখত বলেন, “মূলত শিল্প খাতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম আমদানি বাড়ার কারণেই ব্যয় বাড়ছে।
“খরায় থাকা বিনিয়োগ বাড়াতে এটা সহায়তা করবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল এবং খাদ্য পণ্যের দাম বেশ কম থাকার পরও আমদানি ব্যয় বাড়ার অর্থ হচ্ছে, দেশে বিনিয়োগ বাড়ছে। দেশে স্থিতিশীলতা ফিরে আসায় এটা হচ্ছে।”
