পরিচ্ছন্নতাকর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট ২ বছরেও খোলেনি
নগরীর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ব্যাংক হিসাব খুলতে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানানোর দুবছরের মধ্যেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তাই ব্যাংক হিসাব খুলে তার মাধ্যমে তাদের বেতন পরিশোধে উদ্যোগ নিতে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র এবং স্থানীয় সরকার বিভাগের সচিবকে অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের গ্রীণ ব্যাংকিং ও সিএসআর বিভাগ থেকে এ অনুরোধ জানিয়ে তাদের চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, “বিভিন্ন ব্যাংক থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমিকদের মজুরি জমা করার জন্য অদ্যাবধি কোনো ব্যাংক হিসাব খোলা হয়নি।”
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে কৃষক, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগী, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জীবন বিমা পলিসি গ্রাহক, অতি দ্ররিদ্র উপকারভোগী ও অতি দরিদ্র মহিলা উপকারভোগীসহ কয়েকটি খাতের জন্যগোষ্ঠীর জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে ব্যাংকগুলোকে একাধিকবার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো মাসিক প্রতিবেদনে এসব জনগোষ্ঠীর ব্যাংক হিসাবের তথ্য থাকলেও সেগুলোতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নামে কোনো ব্যাংক হিসাবের তথ্য নেই।
২০১৩ সালের ২১ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি পাঠিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাতাকর্মী ও শ্রমিকদের বেতন ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে এসব কর্মীদের ১০ টাকায় হিসাব খোলার ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়।
ওই অনুরোধে সাড়া দিয়ে ২৫ জুলাই সিটি করপোশনের পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমিকদের ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি।
কিন্তু এখন পর্যন্ত ব্যাংকগুলোতে সিটি করপোরেরেশনের পরিচ্ছন্নতাকর্মী বা শ্রমিকদের কোনো হিসাব খোলা হয়নি।
