২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিদের করের আওতায় আনার দাবি

প্রস্তাবিত বাজেটে দেশের অভ্যন্তরে কর্মরত বিদেশিদের ওপর করারোপে উদ্যোগ এবং সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য বিশেষ কর্মসূচি চেয়েছেন উন্নয়নকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 01:33 AM

Updated : 22 Aug 2022, 12:36 PM

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্স আয়োজিত ‘বাংলাদেশ জাতীয় বাজেট-২০১৫ কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনে এর প্রভাব’ শীর্ষক আলোচনায় এ পরামর্শ দেন আলোচকরা।

অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমদের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্সের নির্বাহী পরিচালক এম এ বাকী খলীলী, ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক সাজ্জাদ জহির, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য কাজী মেজবাহউদ্দিন আহমেদ, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী।

এম এ বাকী বলেন, বেকারত্ব এবং বাংলাদেশ এ কর্মরত বিদেশিদের করজালের আওতায় আনার বিষয়টি বাজেটে তুলনামূলক কম গুরুত্ব পেয়েছে। যদিও অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় প্রতি বছর বিদেশে পাঁচ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিয়েছেন।

এছাড়া সমাজে পশ্চাৎপদ অবস্থানে থাকা বিভিন্ন জনগোষ্ঠী তথা দলিত, হরিজন, তৃতীয় লিঙ্গ মানুষদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা ও সামাজিক নিরাপত্তা জাল বিস্তৃত করার বিষয়ে সরকারের উদ্যোগের বিষয়ে আলোচনা করেন সাজ্জাদ জহির।

জহির তার মূল প্রবন্ধে বলেন, স্থানীয় সরকারের কাঠামো সংহতকরণ, দক্ষতা বৃদ্ধিকরন, অর্থায়নের ক্ষেত্রে স্বচ্ছতা রক্ষা, সমাজের অতি দরিদ্র জনগোষ্ঠীকে খুঁজে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।