২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট শক্তিশালীদের চাহিদা নির্ভর: আনু মুহাম্মদ

জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে ‘অগণতান্ত্রিক’ এবং ‘যান্ত্রিক’ মন্তব্য করে অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, এ প্রক্রিয়ায় জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 01:17 AM

Updated : 22 Aug 2022, 12:36 PM

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘জাতীয় বাজেট ২০১৫-১৬: জনমানুষের প্রপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে গণতান্ত্রিক বাজেট আন্দোলন নামে একটি সংগঠন ।

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “বাংলাদেশের বাজেট একটি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়। বাজেটের আগে যেসব আলোচনা হয় তার কিছু অংশ এতে প্রতিফলিত হয়, বাজেটে প্রাধান্য পায় এফবিসিসিআই, সেনাবাহিনির মতো শক্তিশালী গোষ্ঠীর চাহিদা।”

“বাজেট প্রণয়নে গুটি কয়েক লোক জড়িত থাকেন, যারা বাজেট বোঝেন তারা যান্ত্রিক প্রক্রিয়ায় বাড়িয়ে কমিয়ে এই বাজেট তৈরি করেন ।”

বাজেটকে শোষণের দলিল আখ্যায়িত করে তিনি বলেন, “যে বাজেট হওয়ার কথা ছিল জনগণের কাছে সরকারের জবাবদিহিতার দলিল, সেটা হয় জনগণকে শোষণের দলিল।”

বাজেট প্রণয়নে জনগণের অংশগ্রহণ নেই মন্তব্য করে আনু মুহাম্মদ বলেন, “জনপ্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগও সীমিত। তবে সুযোগ থাকলেও তারা অংশ নিতেন কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে ।”

আলোচনায় অংশ নিয়ে জাতীয় শিক্ষক ও কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়ক অধ্যাপক কাজী ফারুক আহম্মেদ বলেন, “আমাদের চাহিদার খুব কমই প্রতিফলন আমরা বাজেটে দেখি, আমরা তো আমাদের কথা তাদের শোনাতে পারিই না, বরং বেশির ভাগ সময় আমরা জনপ্রতিনিধিদের পাই না। যখন পাই, তখন তারা আমাদের কথা বলার আগে নিজেরা কথা বলে চলে যান।

“আর যখন শোনেন তার কোন প্রতিফল আমার বাজেটে দেখি না। থাকবে কীভাবে বাজেট প্রণয়নে তো তাদের হাত নেই ।”

সভায় স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে বাজেটে বরাদ্দ কমানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, স্বাস্থ্য, শিক্ষা মানুষের মৈালিক অধিকার। এ খাতে সরকারের ব্যয় কমিয়ে বেসরকারি খাতের উপর নির্ভরতা বাড়ালে স্বাস্থ্য, শিক্ষা গরীবের নাগালের বাইরে চলে যাবে।

কৃষিকে শ্রমিক নির্ভর খাত উল্লেখ করে এর বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয় সভায়।

বিএমএ’র সাবেক সভাপতি রশীদ-ই-মাহবুব বলেন, “শিক্ষা খাতে যে বাজেট হচ্ছে তার বেশির ভাগ কিছু প্রফেশনালকে টাকা পয়সা দেবার জন্য, বাকিটা লুটপাটের জন্য ।”  

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ শতাংশ হল কি হল না, অথবা এটি মধ্যম আয়ের দেশ হবে কি হবে না, এসবের পিছনে না ছুটে আমাদের দেখা উচিত মানুষ শিক্ষা পাচ্ছে কিনা, চিকিত্সা পাচ্ছে কিনা, সুপেয় পানি পাচ্ছে কি না ।”