২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ ১০টি জেলার সড়ক উন্নয়নে প্রকল্প

ঢাকাসহ দেশের ১০টি জেলার দেড় হাজার কিলোমিটার সড়ক উন্নয়নে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 06:59 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় জেলা সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

৯৯৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১৭ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।

সভার পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, প্রকল্পের আওতায় ঢাকাসহ দেশের ১০টি জেলায় ১৫৫৭ কিলোমিটারের ১৬৭টি সড়কের উন্নয়ন করা হবে।

এর মধ্যে ঢাকার ১৬টি সড়ক উন্নয়নে ১০০ কোটি টাকা, ময়মনসিংহের ১৭টি সড়ক উন্নয়নে ৯৯ কোটি টাকা, চট্টগ্রামের ১৪টি সড়ক উন্নয়নে ৯৯ কোটি টাকা, কুমিল্লার ২৬টি সড়ক উন্নয়নে ১০০ কোটি টাকা, সিলেটের ১০টি সড়ক উন্নয়নে ৯৯ কোটি টাকা, খুলনার ২৬টি সড়ক উন্নয়নে ১০০ কোটি টাকা, বরিশালের ২১টি সড়ক উন্নয়নে ১০০ কোটি টাকা, গোপালগঞ্জের ৫টি সড়ক উন্নয়নে ৯৯ কোটি টাকা, রাজশাহীর ১৪টি সড়ক উন্নয়নে ১৯৫ কোটি টাকা এবং রংপুরের ১৮টি সড়ক উন্নয়নে ১০০ কোটি টাকা ব্যয় হবে।

এই প্রকল্পাসহ সভায় এক হাজার ৫৭৬ কোটি টাকা ব্যয়ে মোট ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। দেশীয় উৎস থেকে এসব প্রকল্পের অর্থ যোগান দেওয়া হবে।

প্রকল্পগুলোর মধ্যে সমুদ্র সৈকতে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ‘চট্টগ্রামস্থ পারকি ও পতেঙ্গায় পর্যটন সুবিধাদি প্রবর্তন প্রকল্প রয়েছে।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১৭ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, “পৃথিবীজুড়েই জিডিপিতে সেবা খাত সবচেয়ে বেশি অবদান রাখছে। আমরা এক্ষেত্রে পিছিয়ে আছি। পর্যটন সেবার মন্নোয়নের জন্যই এ প্রকল্পটি আমরা গ্রহণ করেছি।”

তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের প্রধান কার্যালয় ভবন নির্মাণ সংক্রান্ত একটি প্রকল্পও সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয় ৩৮ কোটি টাকা।

মন্ত্রী বলেন, বিসিকের এই ভবনে একটি গবেষণা অনুবিভাগ চালু করতে সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। গবেষণা উইংয়ের কাজ হবে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে ক্ষুদ্র ও কুটির শিল্পের বাজার ভিত্তিক চাহিদা নিরূপণ করা।

“প্রধানমন্ত্রী জানিয়েছেন, সড়ক সংযোগের ফলে নেপাল, ভুটান, ভারতের সেভেন সিস্টারস, মায়ানমার ও চীনের সাথে বাণিজ্য সম্প্রসারণ হবে। এক্ষেত্রে এসব দেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের একটি বাজার গড়ে উঠবে। বাংলাদেশকে এ সুযোগটি কাজে লাগাতেই হবে। এজন্য গবেষণা উইংয়ের কোনো বিকল্প নেই।”