২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থবছরের শেষভাগে এডিপি বাস্তবায়নে গতি

অর্থবছরের শেষ ভাগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে উল্লম্ফন ঘটছে।

জাফর আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 04:54 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৩৬ হাজার ৯২৩ কোটি টাকা বা বরাদ্দের ৪৩ শতাংশ অর্থ ব্যয় করা গেলেও শেষ দুই মাসে (এপ্রিল ও মে) ১৫ হাজার কোটি টাকারও বেশি এডিপি বাস্তবায়ন হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরের প্রথম থেকে মে মাস শেষে ১১ মাসে প্রায় ৫২ হাজার কোটি টাকা বা মোট বরাদ্দের ৬৭ শতাংশ ব্যয় করেছে সরকার।

আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১ শতাংশ বেশি।

২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে বরাদ্দের ৪২ হাজার ১৬২ কোটি টাকা ব্যয় হয়েছিল।

অর্থবছরের শেষ দিকে বেশি অর্থব্যয় সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “আমাদের অর্থবছর বর্ষা সময়ে শুরু হওয়ায় বছরের প্রথম তিন মাস উন্নয়নকাজ ব্যহত হয়। তাই শেষ দিকে চাপ পড়ে।

“এ চাপের ফলে কাজের মানও কিছুটা ক্ষতি হয়।তবে গণমাধ্যমে যতটা দাবি করা হয় ততটা হয় না।”

চলতি অর্থবছরের মে শেষে ১১ মাসে মোট ৫১ হাজার ৯৯৭ কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে।

এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২ হাজার ৮৭২ কোটি টাকা বা ৬৬ শতাংশ আর প্রকল্প সহায়তা থেকে ১৭ হাজার ৫৯ কোটি টাকা বা ৬৯ শতাংশ অর্থ ব্যয় করা হয়েছে।

অর্থবছরের এগার মাস চলে গেলেও চার মন্ত্রণালয় ও বিভাগ ৪০ শতাংশেরও কম অর্থ ব্যয় করেছে।

এর মধ্যে শিল্প মন্ত্রণালয় ৩৯, জনপ্রশাসন মন্ত্রণালয় ৩৪, পররাষ্ট্র মন্ত্রণালয় ১৯ শতাংশ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বরাদ্দের মাত্র ১৪ শতাংশ ব্যয় করতে পেরেছে।

মে পর্যন্ত ৫৫ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে মাত্র ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের ৮০ শতাংশের বেশি ব্যয় করতে পেরেছে।

এগুলো হচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৯৭, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ৮৫, বাণিজ্য মন্ত্রণালয় ৮৪, ধর্ম মন্ত্রণালয় ৮৩, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ৮১ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

পুরনো খবর:

দশ মাসে এডিপির ৫৬ শতাংশ বাস্তবায়ন