‘প্রবৃদ্ধির লক্ষ্য পূরণে বিনিয়োগ বাড়ানোর কৌশল দরকার’
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জন করতে হলে বিনিয়োগ বাড়ানোর জন্য বিশেষ কৌশল নিতে হবে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সমুন্বয়ের এমিরেটাস ফেলো খোন্দকার ইব্রাহিম খালেদ।
প্রস্তাবতি বাজেটের প্রতিক্রিয়ায় রোববার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিনিয়োগ বাড়াতে না পারলে প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন হবে না। এজন্য সরকারকে বিনিয়োগ বাড়ানোর কৌশল নিতে হবে। বিনিয়োগযোগ্য তহবিল রয়েছে, অথচ বিনিয়োগ হচ্ছে না, এর কারণ খুঁজে বের করে সমাধান করতে হবে।”
উদ্যোক্তাদের বরাত দিয়ে তিনি বলেন, “আমার কয়েকজন উদ্যোক্তার সাথে কথা হয়েছে, আমি তাদের নাম বলছি না, তারা আমাকে বলেছেন, কোনো জায়গায় স্বাভাবিকভাবে স্বচ্ছতার সাথে তারা সেবা পাচ্ছেন না। বিদ্যুৎ পাওয়া দুষ্কর, যারা অনুমোদন করেন ‘স্পিড মানি’ না দিলে তারা সংযোগ দেন না।”
এছাড়া শিল্পের জন্য জমি পাওয়াও দুষ্কর মন্তব্য করে তিনি বলেন, “এটি দেশি-বিদেশি সব ধরনের শিল্পের সমস্যা। এজন্য সরকারকে সুশাসন নিশ্চিত করার বিষয়ে বিশেষ উদ্যোগ নিতে হবে।”
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রায় তিন লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে নতুন বাজেটে অর্থমন্ত্রী আশা করছেন, আসন্ন নতুন অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) চলতি অর্থবছরের চেয়ে ৭ শতাংশ বাড়বে।
চলতি ২০১৪-১৫ অর্থবছরে বাজেটের আকার ছিল দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। আর জিডিপি প্রবৃদ্ধির (মোট দেশজ উৎপাদন) লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ৩ শতাংশ।
কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, “কর্পোরেট কর কমানো হয়েছে, এটা একটা শুভ উদ্যোগ। তবে এই উদ্যোগ কতটা ফলদায়ক হবে তা দেখতে হবে। কারণ শুধু কর্পোরেট কর কমালেই বিনিয়োগ বাড়বে বা পুঁজিবাজার চাঙ্গা হবে তা নয়। এই উদ্যোগকে ফলপ্রসু করতে হলে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পূর্ণতা দিতে হবে।”
বাজেটকে করদাতাবান্ধব বলেও মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর।
তিনি বলেন, “বাজেটের যে আকার নির্ধারণ করা হয়েছে তা আনন্দদায়ক। তবে এই আকারের বাজেট বাস্তবায়নের জন্য যে রাজস্ব বিশেষ করে এনবিআর থেকে যে রাজস্ব আসার কথা তার ভিত্তি অনেকটা নড়বড়ে। রাজস্ব আয়ের লক্ষ্য প্রায় ৩০ ভাগ বাড়ানো হয়েছে, যা বাস্তবসম্মত হয়নি।
“এজন্য কী কী বিকল্প হতে পারে তা এখনই ভেবে রাখতে হবে। ব্যাংক ঋণ পাওয়া যাবে। তবে তা হবে চড়া সুদের।”
তিনি বলেন, “সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের কারণে দারিদ্র্য কমেছে। এখন সময় এসেছে হতদারিদ্র্য কমাতে উদ্যোগ নেওয়ার। দারিদ্র্য কমলেও অর্থনৈতিক বৈষম্য কমেনি।
“১৯৭২ সালে দেশে দারিদ্র্য আরও বেশি ছিল, কিন্তু বৈষম্য কম ছিল। বৈষম্য কমানোটা সরকারের সাংবিধানিক দায়িত্ব, কারণ সংবিধান বৈষম্য কমানোর বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে। সরকারকে এখন বৈষম্য কমানোর কৌশল নিতে হবে।
“বাজেট মোটামুটি প্রান্তজনদের সহায়ক হয়েছে। আশার সীমা থাকে না, সেই বিবেচনায় কিছু সীমাবদ্ধতা আছে।”
অনুষ্ঠানে সমুন্বয়ের সমন্বয়ক দিলরুবা ইয়াসমিন চৌধুরী ও বিআইআইএসএসের গবেষক মাহফুজ কবীর বক্তব্য রাখেন।
মাহফুজ কবীর বলেন, “বাজেটের সাথে প্রবৃদ্ধির সমন্বয় হচ্ছে না। আবার প্রবৃদ্ধি যা হচ্ছে তার সাথে খরচের সমন্বয় নেই। এটি বড় ধরনের অব্যবস্থাপনা। মধ্যমেয়াদি উন্নয়ন ব্যয় কাঠামো থাকলে এ রকম হত না।”
দিলরুবা ইয়াসমিন চৌধুরী সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান।
