২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাটের আওতায় আসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়-মেডিকেল

বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলো মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতায় আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 05:07 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাজেট বক্তব্যে তিনি বলেন, “ইংলিশ মিডিয়াম স্কুলের বিপরীতে বর্তমানে সঙ্কুচিত মূল্যভিত্তিতে ৭ দশমিক ৫ শতাংশ মূসক প্রযোজ্য থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উপর বর্তমানে মূসক আরোপিত নেই।

“আমি ইংলিশ মিডিয়াম স্কুলের পাশাপাশি এই খাতগুলিকে মূসকের আওতার আনার প্রস্তাব করছি। তবে করভার সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এক্ষেত্রে সংঙ্কচিত মূল্যভিত্তিতে ১০ শতাংশ মূসক নির্ধারণের প্রস্তাব করছি।”

চলতি ২০১৪-১৫ অর্থবছরে বাজেটের আকার ছিল দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। আর জিডিপি প্রবৃদ্ধির (মোট দেশজ উৎপাদন) লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ৩ শতাংশ।

২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন পূরণের পথে এবার মূল বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা, যা জিডিপির ১৭ দশমিক ২ শতাংশ।

এর সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর জন্য বরাদ্দ প্রায় ৩ হাজার ৯৯৬ কোটি টাকা যোগ করলে এর পরিমাণ প্রায় ৩ লাখ কোটি টাকায় দাঁড়ায়।