২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিক মূল্যস্ফীতি ৬%, বেড়েছে খাদ্যমূল্য

সার্বিক মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে এলেও বাংলাদেশে গত এক মাসে খাদ্য মূল্যস্ফীতি খানিকটা বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 02:53 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

এর কারণ হিসাবে হরতাল-অবরোধে দেশে পণ্য পরিবহনে সমস্যার কথা বলেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে তিনি বলেন, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) বছরের প্রথম মাস জানুয়ারিতে মূল্যস্ফীতি নেমে এসেছে ৬ দশমিক ০৪ শতাংশে। ডিসেম্বরে এ হার ছিল ৬ দশমিক ১১ শতাংশ।

“তবে দেশের বর্তমান পরিস্থিতিতে পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে সমস্যা হওয়ায় খাদ্য মূল্যস্ফীতি ডিসেম্বরের ৫ দশমিক ৮৬ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ০৭ শতাংশ হয়েছে।”

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৬ দশমিক ৪৮ শতাংশ থেকে কমে ৬ দশমিক ০১ শতাংশে নেমে এসেছে বলেও জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গড় মূল্যস্ফীতিও বেশ খানিকটা কমেছে।

২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে গত এক বছরে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৬ শতাংশ।

গত বছরের একই সময়ে অর্থ্যাৎ ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের টানা অবরোধের মধ্যে প্রতিদিনই যানবাহন লক্ষ্য করে নাশকতা চালানো হচ্ছে। 

এতে আমদানি করা পণ্য সীমান্ত থেকে দেশের ভেতরে আনতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি বিভিন্ন জেলায় উৎপাদিত শাকসব্জিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সারা দেশে সরবরাহের ক্ষেত্রেও সংকট তৈরি হয়েছে।

হরতাল-অবরোধের নামে ‘সাধারণ মানুষকে পুড়িয়ে মারা’ হচ্ছে মন্তব্য করে মুস্তফা কামাল বলেন, “এটা রাজনীতি না। এটা সন্ত্রাসী-জঙ্গি কার্যক্রম।... যে করেই হোক এটা আমাদের বন্ধ করতে হবে।”

মঙ্গলবার ভোরে কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় সাতজনের মৃত্যুর ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।