২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ডুয়েলগেজ লাইন বসবে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে পুরনো লাইনের পাশেই নতুন ডুয়েলগেজ লাইন বসাতে ৩৭৮ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

এছাড়া চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ১৪৬ কোটি টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২১৮ কোটি টাকা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ দুটি প্রকল্পসহ এক হাজার ৩২ কোটি টাকার মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে জানান, অনুমোদিত ছয় প্রকল্পের মধ্যে দুটি নতুন, বাকি চারটি সংশোধিত।

প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ৬৯৫ কোটি ৬২ লাখ টাকা যোগানো হবে, বাকি অর্থ পাওয়া যাবে প্রকল্প সাহায্য হিসাবে।

‘ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়েলগেজ রেললাইন নির্মাণ’ প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, এর আওতায় ঢাকা ও নারায়ণঞ্জের মধ্যে নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণ করা হবে। বিদ্যমান মিটারগেজ লাইনের সমান্তরালে সাড়ে ২১ কিলোমিটার দীর্ঘ এ লাইন বসবে।

প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে। মোট ব্যয়ের মধ্যে ১২৯ কোটি টাকা দেবে সরকার, বাকি ২৪৯ কোটি টাকা জাপান সরকারের অনুদান হিসাবে পাওয়া যাবে।

সব ঠিক থাকলে ২০১৭ সালের জুনে ঢাকা-নারায়ণগঞ্জ পথে পাশাপাশি দুই লাইনে ট্রেন চলবে বলে সরকার আশা করছে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, “ঢাকা ও নারায়ণগঞ্জ দুই শহরই অত্যন্ত জনবহুল। এখানকার যানজট সবসময়ই আমাদের মূল্যবান শ্রমঘণ্টা নষ্ট করছে। ডুয়েলগেজ রেললাইন তৈরি হলে যাত্রী ও পণ্য পরিবহন সহজ হবে। সময়ও কম লাগবে।”

পাহাড়তলী ওয়ার্কশপের উন্নয়নে সংশোধিত প্রকল্পের ২১৮ কোটি টাকা ব্যয়ের ১৩১ কোটি টাকা সরকার দেবে। বাকি ৮৭ কোটি টাকা জাপান সরকার অনুদান হিসাবে দেবে।

রেলওয়ের ক্যারেজ ও ওয়াগন মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য পাহাড়তলী ওয়ার্কশপের প্রয়োজনীয় আধুনিকায়নের জন্যই সংশোধিত এ প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে মুস্তফা কামাল জানান।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করবে।

একনেক সভায় জানানো হয়, রাজধানীর হাজারীবাগ, উত্তরা, রূপনগর, ডেমরা, কাফরুল, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরখান, জুরাইন, মগবাজার ও কামরাঙ্গীরচরে ১১টি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের কাজ প্রায় শেষের দিকে।

এছাড়া সবুজবাগ, হাজারীবাগ, উত্তরা, কাফরুল, পল্লবী ও মোহাম্মদপুরে ছয়টি কলেজ নির্মাণ করা হচ্ছে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, “এগুলোর নির্মাণকাজও প্রায় শেষের দিকে। এ নির্মাণ কাজ যাতে আরও তাড়াতাড়ি শেষ হয় সেজন্য সভায় একটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।”

২০১০ সালের একনেক সভায় যখন প্রথম এ প্রকল্প অনুমোদন করা হয়েছিল, তখন ব্যয় ধরা হয়েছিল ৪৩৫ কোটি টাকা। পরে সরকারি জমি পাওয়ায় প্রকল্প থেকে জমি কেনা বাবদ ২০৪ কোটি টাকা বাদ দিয়ে ২৩১ কোটি টাকায় সংশোধিত আকারে প্রকল্প অনুমোদন করা হয় ২০১৩ সালে।

কিন্তু শেষ পর্যন্ত একাডেমিক ভবন চারতলা থেকে ছয়তলায় সম্প্রসারণ, শহীদ মিনার স্থাপন, পর্যাপ্ত আসবাবপত্র সরবরাহ ও আইটি ল্যাব স্থাপনের সিদ্ধান্ত হয়।

এ কারণে প্রকল্প ব্যয় ৬৪ কোটি টাকা বাড়িয়ে ‘ঢাকা মহানগরীতে ১১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬টি মহাবিদ্যালয় (সরকারি) স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্পে ২৯৫ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত হয় মঙ্গলবার।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০১৬ সালের জুন নাগাদ এর কাজ শেষ হবে বলে পরিকল্পনামন্ত্রী জানান।

প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, হাজারীবাগ, উত্তরা, কাফরুলে কলেজগুলোর নির্মাণ কাজ শেষে ইতোমধ্যে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এ বছর জুলাই থেকে মোহাম্মদপুরের কলেজেও শিক্ষা কার্যক্রম শুরু হবে।

এছাড়া হাজারীবাগ, উত্তরা, রূপনগর ও ডেমরায় স্কুল নির্মাণ শেষে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। কাফরুল, মিরপুর, মোহাম্মদপুর ও কামরাঙ্গীরচরে নবনির্মিত স্কুলগুলোতেও এ মাসে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

‘স্বল্পমূল্যে সৌর বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি উন্নয়ন (১ম সংশোধিত)’ নামে আরও একটি প্রকল্প এদিন অনুমোদন পেয়েছে।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২৮ কোটি টাকায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ২০১৬ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করবে।

এছাড়া ‘সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট সড়কে ৩টি পিসি গার্ডার ব্রিজ (শালুয়াঘাট, পাইকরতলি ও ঘোড়াচড়া) ও বিদ্যমান ৩টি বেইলি ব্রিজের সুপার স্ট্রাকচার (নইলসাপাড়া, ফকিরতলা ও সোনামুখী ) নির্মাণ (১ম সংশোধিত) এবং কনস্ট্রাকশন অব লেবার টাওয়ার নামে তিনটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে এ সভায় মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের বিভন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।