লেনদেন ভারসাম্যে বড় ঘাটতি
বাংলাদেশের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালান্স অফ পেমেন্ট) বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৩২ কোটি ডলারে, যেখানে গত অর্থবছরের একই সময়ে তা ১১৩ কোটি ডলার উদ্বৃত্ত ছিল।
এমনকি চলতি অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই-অগাস্ট) পর্যন্তও বাংলাদেশের ব্যালান্স অফ পেমেন্ট (বিওপি) উদ্বৃত্ত ছিল। সেপ্টেম্বর থেকে তা উল্টোপথে (নেগেটিভ-ঋণাত্মক) হাঁটতে শুরু করে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদকৃত লেনদেন ভারসাম্য সারণি থেকে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের লেনদেন ভারসাম্যের ঘাটতির তথ্য পাওয়া গেছে। সোমবার এ তথ্য প্রকাশ করা হয়।
ঘাটতি বাড়লেও তাতে এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
আতিউর রহমান
বিদেশি মুদ্রার এই মজুদ দিয়ে সাত মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানান কেন্দ্রীয় ব্যাংক প্রধান।
তবে বর্তমানে আবারো রাজনৈতিক অস্থিরতা দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, “২০১৩ সালের সংঘাতের রাজনীতি কাটিয়ে ২০১৪ সালে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল। মূল্যস্ফীতি, রেমিটেন্স, রপ্তানি, আমদানি, রিজার্ভসহ প্রায় সবগুলো সূচকই ছিল ইতিবাচক।
“কিন্তু হরতাল-অবরোধের মধ্য দিয়ে যে নতুন বছর শুরু হয়েছে তা অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনীতি আবার ২০১৩ সালের মত বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।”
গভর্নরের মতো বর্তমানের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতির গবেষক জায়েদ বখতও।
জায়েদ বখত
“কিন্তু এ সব কিছুই এখন সংশয়ের মধ্যে ফেলে দিয়েছে রাজনৈতিক অস্থিরতা।”
‘রাজনৈতিক স্থিতিশীলতায় বিনিয়োগ চাহিদা বাড়তে শুরু করায় আমদানিও বাড়ছিল’ মন্তব্য করে জায়েদ বখত বলেন, “তুলনামূলকভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে উৎসাহিত হয়ে ব্যবসায়ীরা মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি শুরু করেছিল। যার ফলে সার্বিক আমদানি বাড়ছিল।
“কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে অবস্থা অব্যাহত থাকবে কি না- সেটাই এখন সবার মধ্যে প্রশ্ন।”
বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে দেখা যায়, পর পর দুটি অর্থবছর লেনদেন ভারসাম্যে বড় উদ্বৃত্ত ধরে রেখেছিল বাংলাদেশ। ২০১২-১৩ অর্থবছরে উদ্বৃত্ত ছিল ২৩৯ কোটি ডলার। ২০১৩-১৪ অর্থবছরে ছিল ১৫৫ কোটি ডলারের উদ্বৃত্ত।
২০১১-১২ অর্থবছরে অবশ্য ৪৪ কোটি ডলারের ঘাটতি (ঋণাত্মক) নিয়ে বছর শেষ করেছিল বাংলাদেশ।
এরপর গত সেপ্টেম্বরের আগ পর্যন্ত প্রায় আড়াই বছর বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য উদ্বৃত্তই ছিল।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই-অক্টোবর সময়ে ঘাটতি ছিল ১১৮ কোটি ডলার। পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) তা আরও বেড়ে ১৩২ কোটি ডলারে দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে চলতি হিসাবের ভারসাম্যে ১৩১ কোটি ৬০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে; যেখানে গত বছরের একই সময়ে এটি ছিল ১১২ কোটি ৭০ লাখ ডলারের উদ্বৃত্ত।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ঘাটতি ছিল ৪৫ কোটি ডলার। চার মাসে ঘাটতি ছিল ১১৮ কোটি ৭০ লাখ ডলার।
সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়।
পণ্য ও সেবাবাণিজ্যে ঘাটতি অনেক বেড়ে যাওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে চলতি হিসাবের ভারসাম্যে।
চলতি বছরের পাঁচ মাসে পণ্যবাণিজ্যে ৪৪৮ কোটি ১০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল অর্ধেক; ২২৫ কোটি ডলার।
বাংলাদেশ পণ্য রপ্তানি করে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে, পণ্য আমদানির জন্য তার চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় বলে বাণিজ্যে ঘাটতি দেখা দেয়।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে, অর্থাৎ জুলাই-নভেম্বর সময়ে এক হাজার ৬৪০ কোটি ৩০ লাখ (১৬ দশমিক ৪০৩ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৭ শতাংশ বেশি।
অন্যদিকে পাঁচ মাসে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ মোট এক হাজার ১৯২ কোটি ২০ লাখ (১১ দশমিক ৯২ বিলিয়ন) ডলার আয় করেছে, যা ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ের চেয়ে ১ শতাংশ বেশি।
অর্থবছরের প্রথম পাঁচ মাসে সেবা খাতে আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় ঘাটতিও বেড়েছে।
মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি খাতের পরিস্থিতি বিবেচনা করে সেবা খাতের বাণিজ্য ঘাটতি পরিমাপ করা হয়।
এই পাঁচ মাসে সেবা খাতের বাণিজ্যে ১২৮ কোটি ডলার আয়ের বিপরীতে ব্যয় হয়েছে ৩৩৩ কোটি ২০ লাখ ডলার। এ হিসাবে সেবাবাণিজ্যে ২০৫ কোটি ২০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৪২ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৫৮ কোটি ৫০ লাখ ডলারের, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৭৯ শতাংশ বেশি। ২০১৩-১৪ অর্থবছরে একই সময়ে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৫৫ কোটি ৩০ লাখ ডলার।
আলোচ্য সময়ে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগও বেশ খানিকটা বেড়েছে। ২০১৩-১৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে পোর্টফোলিও বিনিয়োগের পরিমাণ ছিল ২৫ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে তা বেড়ে হয়েছে ৩৮ কোটি ডলার।
