২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোটের তোড়ায় সেলাই করতে মানা

৫০০ টাকার নীচের নোটগুলোর তোড়া বাঁধতে সেলাই ও স্ট্যাপল করে পিন মারতে নিষেধ করে সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 12:00 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

বৃহস্পতিবার কেন্দ্রিয় ব্যাংকের ওই সার্কুলারে এ নিষেধাজ্ঞার পাশাপাশি এসব নোটের তোড়া বাঁধাইয়ে পলিমার টেপ অথবা পলিমারযুক্ত পুরু কাগজের টেপ ব্যবহারের কথা বলা হয়।   

বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এ সার্কুলারে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ, ময়লা ও বাতিল ১০০ টাকার নোটের তোড়া সেলাই করার নিয়ম চালু থাকবে।

এতে নোট সর্টিং, বাংলাদেশ ব্যাংকে নোট জমা দেয়া ও নেয়া, জালনোট প্রচলন প্রতিরোধে করণীয়, ব্যাংকের শাখায় গ্রাহকদের জন্য পর্যাপ্ত ধাতব মুদ্রার ব্যবস্থা রাখার বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।

যদিও এসব বিষয়ে আগে থেকেই কেন্দ্রিয় ব্যাংকের ভিন্ন ভিন্ন নির্দেশনা ছিলো।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, “আগে দেয়া নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালন করছে ব্যাংকগুলো। বিভিন্ন সময়ে ইস্যু করার কারণে ওইসব নির্দেশনা বাস্তবায়নের ব্যাংকগুলোরও সমস্যা হচ্ছিল। এজন্য সব নির্দেশনা সমন্বয় করে এবং বর্তমান প্রেক্ষাপটে নতুন এই নির্দেশনা জারি করা হলো।”

নতুন এই সার্কুলারে বলা হয়, নোট সর্টিংয়ের সময় পুনঃপ্রচলনযোগ্য ও অপ্রচলনযোগ্য নোট আলাদা করতে হবে। পুনঃপ্রচলনযোগ্য নোটের সঙ্গে কোনভাবেই অপ্রচলনযোগ্য নোট মেশানো যাবে না। এজন্য ব্যাংকগুলোর শাখায় নোট বাঁধার মেশিনের ব্যবস্থা করতে হবে।

“বাংলাদেশ ব্যাংকে নোট জমা দেয়ার সময় প্রচলনযোগ্য ও অপ্রচলনযোগ্য নোট আলাদাভাবে জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেয়ার সময় টাকা গুনে নিতে হবে। কাউন্টারে বসে ছেঁড়া, ফাটা, জাল এসব দেখে নিতে হবে। কাউন্টার ত্যাগের পর এসব বিষয়ে দাবি করা যাবে না।”

“বাংলাদেশ ব্যাংকের যেকোন শাখা থেকে ব্যাংকগুলো যখন টাকা তুলবে তখন মোট টাকার দশমিক শূন্য এক শতাংশ পরিমাণ এক, দুই ও পাঁচ টাকার কয়েন(ধাতব মুদ্রা) নিতে হবে। ব্যাংকের প্রতিটি শাখায় নোট পরিবর্তনের জন্য আলাদা কাউন্টার রাখতে হবে। যেখানে নোট পরিবর্তনের পাশাপাশি ধাতব মুদ্রা সরবরাহ করা হবে।”