বিনিয়োগের জন্য শান্তি নিশ্চিত করতে হবে: আতিউর
সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে শান্তি নিশ্চিত না হলে অর্থনীতির উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
তিনি বলেছেন, “দেশের অর্থনীতি এগিয়ে নিতে সামাজিক ও রাজনৈতিক শান্তি দরকার। এ দুটো না থাকলে বিনিয়োগকারীরা স্বস্তি পাবে না, আর তাতে বিনিয়োগ উৎসাহিত হবে না।”
এশিয়ার সেরা গভর্নর হিসেবে স্বীকৃতি পাওয়ার পর তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন আতিউর।
লন্ডনভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের অর্থবিষয়ক ম্যাগাজিন ‘দি ব্যাংকার’ ২০১৫ সালের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা গভর্নরের খেতাব দেন আতিউর রহমানকে। সোমবার ওই সাময়িকীর ওয়েবসাইটে এই পুরস্কারের কথা জানানো হয়।
“আমি এই অর্জন প্রধানমন্ত্রীকে উৎসর্গ করছি। পাশাপাশি মুক্তিযুদ্ধের সকল নাম জানা ও নাম না জানা শহীদদের উৎসর্গ করছি।”
এই সাফল্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গ্রিন ব্যাংকিং ও সিএসআর বিভাগকে ৫০ ভাগ কৃতিত্ব দেন আতিউর। এছাড়াও সর্বাত্মক সহযোহিতার জন্য স্ত্রী ও কন্যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করে পরিবেশবান্ধব ও সমাজসচেতন উন্নয়নে পুঁজির প্রবাহ বৃদ্ধি করে উদাহরণ সৃষ্টি করায় এই স্বীকৃতি পেয়েছেন তিনি।
গভর্নর বলেন, “বিশ্বব্যাপী মন্দা চলছে। আমরা সতর্ক ছিলাম। পাশাপাশি মনোবল ছিল, আমরা যদি মাটির কাছাকাছি থাকতে পারি তাহলে মন্দা আমাদের সমস্যা করতে পারবে না। সেজন্য আমরা সমাজের নিম্ন আয়ের মানুষের দিকে বেশি মনোযোগ দিয়েছি।
“তবে সামাজিক ও রাজনৈতিক শান্তি দরকার। তা না হলে বিনিয়োগকারীরা আস্থা পাবে না, বিনিয়োগ উৎসাহিত হবে না।
“রাজনীতিতে নানা ধরনের দ্বিমত থাকতে পারে। কিন্তু রপ্তানিকারকের পণ্য সময়মত গন্তব্যে যেতে পারে, দোকানপাট চালু থাকে, ফ্যাক্টরির কাজ বন্ধ হওয়ার কারণে যাতে উদ্যোক্তা ঋণ খেলাপি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নতুবা এগোনো যাবে না।”
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
“দেশের প্রবৃদ্ধি দীর্ঘদিন ধরে ৬ শতাংশের ওপরে থাকা ও টাকার বিপরীতে ডলারের মান স্থিতিশীল থাকা এর পক্ষের প্রমাণ।”
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নরের সাফল্যে অভিনন্দন জানান কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর আবুল কাসেম, আবু হেনা মো. রাজী হাসান, এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা এবং চেইঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী ও প্রধান অর্থনীতিবিদ বীরুপাক্ষ পাল। এসময় বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
