‘বিশ্বাসের ঋণের’ তথ্য চায় কেন্দ্রীয় ব্যাংক
এলটিআর হিসেবে পরিচিত বিশ্বাসনির্ভর ঋণের গ্রহিতা ২০টি শীর্ষ প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ওই চিঠিতে আগামী ৪ জানুয়ারির মধ্যে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে, যার একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে রয়েছে।
এলটিআর (লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিট) নামের এই স্বল্পমেয়াদি ঋণ ব্যবসায়ীদের দেওয়া হয় আমদানিকৃত পণ্য বন্দর থেকে পরিবহন ও বাজারজাতকরণের জন্য, সাধারণত যার মেয়াদ থাকে ৯০ বা ১২০ দিন।
বাংলাদেশ ব্যাংকের ওই চিঠিতে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে কোন কোন শিল্প গ্রুপ এই ঋণ নিয়েছে তা আলাদাভাবে উল্লেখ করতে বলা হয়েছে।
প্রতিটি শিল্প গ্রুপকে দেওয়া মোট এলটিআরের পরিমাণ, ভোগ্য পণ্য ও শিল্পের কাঁচামাল আমদানিতে দেওয়ার পরিমাণ, মেয়াদি ঋণে রূপান্তরিত এলটিআরের সংখ্যা এবং সেগুলো থেকে খেলাপিতে পরিণত হওয়ার পরিমাণসহ সুনির্দিষ্ট কিছু তথ্য চিঠির সঙ্গে সংযুক্ত ছকে পুরণ করে পাঠাতে বলা হয়েছে।
কেন্দ্রীয় কর্মকর্তারা জানান, ২০০৯-১০ অর্থবছরে চট্টগ্রামভিত্তিক একদল ব্যবসায়ী বিশ্বাসের ওপর ভিত্তি করে বিপুল পরিমাণ এলটিআর নিয়ে সময়মত পরিশোধ করেনি। আমদানি করা ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল বাজারজাতকরণের জন্য নেওয়া এসব ঋণ ৯০ দিন এবং ১২০ দিনের মধ্যে পরিশোধের কথা থাকলেও তা ফেরত আসেনি।
ফলে স্বল্প মেয়াদের এসব ঋণ আদায়ের কথা বলে পরিশোধের জন্য ৫ বছর বা তার বেশি সময় দিয়ে ‘ঋণ পুনর্গঠন’ স্কিম তৈরির চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ‘ঋণ পুনর্গঠনের নীতিমালা’ তৈরিতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এলটিআরের মধ্যে অনেক বেনামি ঋণ, একই গ্রুপের মধ্যে শিল্পের কাঁচামাল কিনতে খোলা ঋণপত্রের (এলসির) মাধ্যমে সৃষ্টি করা ঋণ ও এক নামে ঋণ নিয়ে ভিন্ন খাতে ব্যবহার করার মত ঋণও রয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ব্যাংক খাতে মোট এলটিআরের পরিমাণ ৪৭ হাজার ৫৮৯ কোটি ২০ লাখ টাকা, যা ওই সময়ে বিতরিত মোট ঋণের ১০ দশমিক শূন্য ৪ শতাংশ।
ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির প্রেসিডেন্ট আলী রেজা ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১২ ও ২০১৩ সালে অনেক ব্যবসায়ী এলটিআর নিয়ে সময়মতো পরিশোধ করেনি।
“ফলে ব্যাংকগুলো বাধ্য হয়ে এই স্বল্প মেয়াদি ঋণকে মেয়াদি ঋণে রূপান্তর করেছে।”
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার বলেন, “অনেক ব্যবসায়ী এই ঋণ নিয়ে শেয়ার বাজারে খাটিয়েছেন, কেউ কেউ জমি বা রিয়েল এস্টেটের অন্য খাতে বিনিয়োগ করেছেন। আবার কেউ ‘মিসইউজ’ করেছেন, যে কারণে তারা শোধ করতে পারেননি।”
অবস্থাভেদে ব্যাংক এসব ঋণকে এক থেকে তিন বছর পর্যন্ত মেয়াদি ঋণে পরিণত করতে বাধ্য হয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, চার কারণে এলটিআর মেয়াদি ঋণে রূপান্তরিত হচ্ছে।
এগুলো হলো- পণ্যের দাম ওঠানামা, বেশি মুনাফার জন্য দীর্ঘসময় ধরে পণ্য ধরে রাখা, বৈদেশিক মুদ্রা বিনিময় হার ওঠানামা এবং এক খাতের ঋণ অন্যখাতে ব্যবহার।
সমীক্ষা প্রতিবেদনে দেখা যায়, এলটিআরে মধ্যে ১৯ দশমিক ২০ শতাংশ ঋণের বিপরীতে কোনো ধরনের জামানত নেই।
এলটিআর ঋণগ্রহিতাদের মধ্যে ১৯ দশমিক ৮৬ শতাংশ মেয়াদিতে রূপান্তর করেছেন, যাদের মধ্যে আবার প্রায় ৯ শতাংশ দুবারের বেশি ঋণের মেয়াদ বাড়িয়েছেন।
