২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোর সুশাসনই চ্যালেঞ্জ

কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটি পদক্ষেপ সত্ত্বেও ব্যাংকগুলোতে সুশাসন আসেনি মন্তব্য করে হতাশা প্রকাশ করেছেন গভর্নর আতিউর রহমান।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 11:32 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

তিনি বলেছেন, “একটি সরকারি ব্যাংকের এমডিকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। কয়েকটি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

“তারপরও ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত হয়নি। আর এটাই গভর্নর হিসাবে আমার একমাত্র অতৃপ্তি।”

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অবস্থা বদলাতে আরো কঠিন পদক্ষেপ নেবেন তারা।

সোমবার নিজ কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিদায়ী বছরের ব্যাংকিং খাত নিয়ে কথা বলেন আতিউর রহমান।

প্রভাবশালীদের কাউকে ছাড় না দেওয়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, “একটি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

‘নিয়মনীতি মেনেই ব্যাংক পরিচালনা করতে হবে’ উচ্চারণ করে কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন, “কয়েকদিন আগে এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের ক্ষমতা-কার্যপদ্ধতি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ইচ্ছে করলেই কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ কোনো এমডিকে অপসারণ বা বাদ দিতে পারবে না।”

গত প্রায় ছয় বছর ধরে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসা আতিউর রহমানের দাবি, দেশের ব্যাংক খাত এখন ‘অনেকটাই স্থিতিশীল’ এবং এর ইতিবাচক প্রভাব অর্থনীতিতেও পড়ছে।

এই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের তদারকির দক্ষতা বেড়েছে এবং যে কোনো অনিয়ম বন্ধে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে বলেও তিনি মনে করেন।

অর্থনৈতিক ক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ অবদানের জন্য সম্প্রতি ফিলিপিন্সের গুসি শান্তি পুরস্কার পেয়েছেন গভর্নর আতিউর।

দেশের ব্যাংক খাতের পাশাপাশি অর্থনীতির নানা দিক নিয়েও কথা বলেছেন তিনি।

২০০৯ সালের ৩০ এপ্রিল চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান আতিউর রহমান। এরপর তাকে আরো এক মেয়াদের জন্য গুরুত্বপূর্ণ এ দায়িত্বে রাখার সিদ্ধান্ত জানায় সরকার।

সাক্ষাৎকারের বাকি অংশ:

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: কেমন গেল ২০১৪ সালের অর্থনীতি?

আতিউর রহমান: ২০১৪ সাল ছিল অর্থনীতির মিশ্র ফলাফলের বছর। আর্থিক খাতের বেশির ভাগ সূচকের উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেলেও অবকাঠামো ও রাজস্ব আহরণের গতি বাড়ানোর সুযোগ ছিল। এ দুটো দিকে ২০১৫ তে জোর নজর দিতে হবে বলে আমি মনে করি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আপনি বলছেন অর্থনীতির বেশিরভাগ সূচক ভালো। বিনিয়োগে তো তেমন উন্নতি হয়নি?

আতিউর রহমান: ২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতা, হরতাল ও অবরোধ সামগ্রিক অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। এজন্যে ২০১৪ এর বড় অংশ জুড়ে বিনিয়োগ স্থবিরতা ছিল আলোচিত বিষয়। এসব কারণে বছরের শুরুতে বিনিয়োগ বৃদ্ধির প্রশ্নে কিছুটা অনিশ্চয়তা লক্ষ্য করা গেছে। তবে বছরের শেষের দিকে বিনিয়োগে প্রবৃদ্ধির ধারা জোরালোভাবে ফিরে এসেছে। বিশেষ করে স্থানীয় বাজারে টাকা ও ডলার মার্কেটে বাড়তি তারল্য কমে আসার যে লক্ষণ দৃশ্যমান হচ্ছে তাতে মনে হয় ব্যবসা-বাণিজ্য আড়মোড়া ভেঙে চাঙ্গা হচ্ছে। কলমানি মার্কেটে সুদের হার ৬ শতাংশ থেকে বেড়ে ৯ শতাংশে উঠেছে। এতেই প্রমাণিত হয় ব্যাংকগুলোর নগদ অর্থের চাহিদা বাড়ছে। ভোক্তা ও ব্যবসায়িক আস্থায় এসেছে নতুন গতি। তার ঊর্ধ্বমুখী ঢেউ লেগেছে আমদানি ও রপ্তানিতেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: রাজনীতিতে স্বস্তি থাকার পরও অর্থনীতি তেমনটি চাঙ্গা হয়নি।

আতিউর রহমান: পরিসংখ্যান দিয়ে আমি বলতে চাই, বিনিয়োগ ছাড়া অর্থনীতির বাকি সব সূচকই কিন্তু ইতিবাচক। আমি জোর দিয়ে বলছি, বাংলাদেশের অর্থনীতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে।বিশ্ব ব্যাংক, আইএমএফসহ বিভিন্ন দাতা দেশ ও সংস্থা বলছে, বাংলাদেশের অর্থনীতি এখন স্থিতিশীল।বিদায়ী বছরে বিদেশ থেকে অর্থ পাঠানোর হার বেড়েছে, বৈদেশিক মুদ্রার মজুদে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। ২০১৩-১৪ অর্থবছরের প্রায় অর্ধেক সময় জুড়ে রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও বাংলাদেশে ৬ দশমিক ১২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১১৯০ ডলার।

মূল্যস্ফীতি নিম্নমুখী। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহে যথেষ্ট সতর্ক অবস্থানে ছিল বলেই প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির সন্তোষজনক সংখ্যা বেরিয়ে এসেছে।

রপ্তানি বৃদ্ধিতে অনুরূপ গতি সারা বছর লক্ষ্য করা না গেলেও বছর শেষে রপ্তানির ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করেছে। গত এক বছরে আমদানি ব্যয় বেড়েছে ১২ শতাংশের মতো। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বেড়েছে ১০ শতাংশ। রিজার্ভ ছুঁয়েছে নতুন মাইলফলক। বর্তমানে রিজার্ভ ২২ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এই রিজার্ভ দিয়ে সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। গত বছর ডিসেম্বরে এর পরিমাণ ছিল ১৮ দশমিক ০৭ বিলিয়ন ডলার।

বছরের শেষ দিকে আমদানির উপাদানে ইতিবাচক পরিবর্তন এসেছে। বেড়েছে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি। আমদানি বাড়ায় আড়াই বছর পর বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতি দেখা দিয়েছে। এতেই প্রমাণিত হয়, বিনিয়োগ স্থবিরতা কেটে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিয়ে কিছু বলুন।  

আতিউর রহমান: সরকারের অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক উন্নয়ন কৌশলের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে কিছু বাস্তবসম্মত পদক্ষেপ। এগুলো হলো অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই)-এর জন্যে ঋণ, গ্রীন ব্যাংকিং, আর্থিক খাতের আধুনিকায়ন, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, কৃষি ঋণ সম্প্রসারণ, রপ্তানি উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা লেনদেন উদারীকরণ।

এ সবের ফলে প্রবৃদ্ধির ভিত্তিভূমি হয়েছে প্রসারিত, যা টেকসই উন্নয়নের জন্যে অপরিহার্য। জনগোষ্ঠীর সবাইকে জাতীয় উৎপাদনে শামিল করা এবং দরিদ্রের ক্ষমতায়নই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের মূলমন্ত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং অর্থনীতিতে কী অবদান রাখছে?

আতিউর রহমান: অর্থনীতি এর সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছে। কর্মসংস্থান হয়েছে ঊর্ধ্বমুখী। নাগরিকের আয়ুষ্কাল, দারিদ্র্যের হার, প্রকৃত মজুরির মতো অনেক সূচকেই ইতিবাচক পরিবর্তন চোখে পড়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বাংলাদেশ প্রথমবারের মত চাল রপ্তানি করতে সক্ষম হয়েছে। অর্থনীতিতে বেড়ে যাচ্ছে সেবা ও শিল্প খাতের আনুপাতিক অবদান, যা বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে দেবে শক্তি ও দ্রুতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: বিদায়ী বছরে আপনার কাছে অস্বস্তিকর দিকগুলো কী?

আতিউর রহমান: ২০১৪ এর চালচিত্রে কিছু অস্বস্তিকর দিকও লক্ষণীয়। তার মধ্যে খেলাপি ঋণ, বিনিয়োগ মন্থর হওয়ার কারণে তারল্য বৃদ্ধি, শাখা পর্যায়ের ব্যাংকে কিছু অনিয়ম প্রচার মাধ্যমে উঠে এসেছে। অবশ্য এগুলোর অধিকাংশই ২০১৩ এর হরতাল-অবরোধ বা রাজনৈতিক অস্থিরতার বিলম্বিত মাসুল।

বাংলাদেশ ব্যাংক সংশোধনমূলক পদক্ষেপের মাধ্যমে এই নেতিবাচক প্রবণতা লাঘবে সচেষ্ট হয়েছে। ২০১৩ সালে রাজনৈতিক অস্থিরতার কারণে এবং শ্রেণি-বিন্যাস ও প্রভিশনিং বিশ্বমানের করার কারণে খেলাপি ঋণের হার এককালীন উল্লম্ফন হয়েছিল। প্রভিশন সংস্থান না করা নিট খেলাপি ঋণের মাত্রা মোট ঋণের নিম্নতর একাংক শতাংশেই পরিমিত রয়েছে।

ব্যাংকগুলোকে ঋণ আদায়ে আরো মনোযোগী হতে ক্রমাগত নির্দেশ দেওয়া এবং বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী নীতি প্রণয়নের কারণে খেলাপি ঋণের হার কমতে শুরু করেছে। তবে এ ক্ষেত্রে ব্যাংকগুলোকেও বেশ খানিকটা চাপ নিতে হয়েছে। এ দিকটায় বাংলাদেশ ব্যাংক কোনো রকম ছাড় দেবে না। অবশ্যই ব্যাংকগুলোকে সর্বক্ষণ গুণমানের ঋণ দেবার সংস্কৃতি গড়ে তুলতে হবে। নিয়ম-নীতি সংস্কার করে হয়তো ভালো গ্রাহকদের কিছুটা সুবিধা দেওয়া হতে পারে। কিন্তু মন্দ গ্রাহকদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দ্বিধা করবে না বাংলাদেশ ব্যাংক।

উদ্বৃত্ত তারল্য এখন নিম্নমুখী। কলমানি রেট আগস্টে বিদ্যমান ৬ ভাগ থেকে বেড়ে বছর শেষে ৮ দশমিক ৩ ভাগে উঠেছে। এই সহনীয় ঊর্ধ্বগামিতাই প্রমাণ করে মুদ্রাবাজারে শৈথিল্য প্রায় অনুপস্থিত। ব্যবসার প্রসারণে চাঙ্গা হচ্ছে তহবিল চাহিদা।বিভিন্ন ব্যাংকে বৈদেশিক মুদ্রার অন্তর্মুখী ও বহির্মুখী-এই উভয় প্রবাহেরই গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে, যা ২০১৫ তে বর্ধিত আমদানি চাহিদার সংকেতবহ। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারসহ নজরদারি আরো জোরদার করেছে, যাতে অনুরূপ ব্যাংকিং অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে। প্রাসঙ্গিক ড্যাশবোর্ড চালু করে নজরদারির গুণমানে ব্যাপক উন্নতি আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ২০১৫ সাল কেমন কাটবে?

আতিউর রহমান: ২০১৪ এর শেষ পর্বে অভ্যন্তরীণ চাহিদার যে নতুন প্রণোদনা সৃষ্টি হয়েছে তা অব্যাহত থাকলে ২০১৫ এর অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ বা তার বেশি প্রবৃদ্ধি বাংলাদেশ অর্জন করবে বলেই প্রতীয়মান হয়। তবে মূল্যস্ফীতির ক্ষেত্রে কিছু ঝুঁকি থাকবে। এর কারণ ত্রিবিধ-সরকারি নতুন বেতন কাঠামো, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতায় তেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা ও চাহিদাতাড়িত ঊর্ধ্বচাপ।

এগুলো মাথায় রেখেই বাংলাদেশ ব্যাংক আগামী মুদ্রানীতি সাজাবে, যাতে ২০১৫ এর অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার ৬ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি অর্জন করা সম্ভব হয়। উপরন্তু আর্থিক খাতে সুশাসন ও ঋণ শৃঙ্খলা সুপ্রতিষ্ঠিত করতে কেন্দ্রীয় ব্যাংক আরো কিছু পদক্ষেপ গ্রহণ করে বিনিয়োগ আস্থাকে আরো চাঙ্গা করবে। এরই মধ্যে সংশোধিত ব্যাংকিং কোম্পানি আইনের বলে প্রধান নির্বাহী অপসারণের পাশাপাশি দক্ষদের সুরক্ষা প্রদান এবং পর্ষদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। এসবই করা হয়েছে ব্যাংকিং খাতে সুশাসন বাড়ানোর লক্ষ্যে। নিম্ন ও মধ্য আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি হবে ২০১৫ এর জন্যে আর্থিক খাতের অন্যতম লক্ষ্য। আর তা করা হচ্ছে বলেই বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদাও বাড়ছে। এর সঙ্গে বহির্বাণিজ্যের প্রসার যেভাবে ঘটছে তাতে মনে হয় নতুন এই বছরে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই স্থিতিশীল রাখা সম্ভব হবে।