২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরায়ন ও শিল্পায়নকে বিকেন্দ্রীকরণের পরামর্শ

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে নগরায়ন ও শিল্পায়নকে সারা দেশে ছড়িয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 11:03 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

বৃহস্পতিবার এক আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও নগরায়ন মূলত ঢাকাকেন্দ্রিক। একে বিকেন্দ্রীকরণ করতেই হবে।

“অর্থাৎ নগরায়ন ও শিল্পায়নকে শুধু ঢাকা কেন্দ্রিক না করে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দিতে হবে। তবেই অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হবে। এর সুফল পাবে সবাই।”

“নগরায়ন ও শিল্পায়নের ভিত্তি হতে হবে কোন একটি অঞ্চলের অর্থনীতিকে কেন্দ্র করে। যে এলাকায় কৃষি প্রধান সেখানে কৃষিভিত্তিক নগরায়ন ও শিল্পায়ন গড়ে তুলতে হবে। আবার যেখানে শিল্পের কাঁচামাল জন্মায় সেখানে শিল্পভিত্তিক  নগরায়ন গড়ে তুলতে হবে,” বলেন জ্যেষ্ঠ এই অর্থনীতিবিদ।

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নগরায়ন ও শিল্পায়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার পরামর্শ দেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকার উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু সব জায়গায় উন্নয়নের ধরণ এক রকম হবে না।

উদাহরণ দিয়ে তিনি বলেন, “মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর হতে পারে কিন্তু দিনাজপুরে তা সম্ভব নয়। দিনাজপুরে হয়তো স্থল বন্দর আধুনিকায়ন করা যেতে পারে।”

সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন নিয়ে পরিকল্পনা কমিশন এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন কমিশনের সদস্য শামসুল আলম।

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন’ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, “এবারের ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সবাইকে সম্পৃক্ত করেই করা হচ্ছে। প্রতিবন্ধী, নারী, হিজরা, হাওড় অঞ্চলের জনগোষ্ঠী, উপকূলীয় জনগোষ্ঠী, নদী ভাঙ্গনের শিকার যেসব জনগোষ্ঠী তাদেরসহ সব প্রান্তিক জনগোষ্ঠীকেই এতে অন্তর্ভুক্ত  করা হয়েছে।

“এটা ঠিক যে, আমাদের নানা ধরনের সমস্যা ও সীমাবদ্ধতা আছে। তা সত্ত্বেও আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতেই  হবে।”

বেসরকারি খাতকে বিনিয়োগের প্রধান চালিকা শক্তি উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, “বৈদেশিক বিনিয়োগসহ দেশীয় বিনিয়োগকে উৎসাহ দিতে বিদ্যুৎ, গ্যাস ও কম সুদে ব্যাংক ঋণ উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতেই হবে।”

মুস্তফা কামাল বলেন, বর্তমান সরকার গ্রাম প্রধান বাংলাদেশকে ধীরে ধীরে ছোট ছোট শহরভিত্তিক বাংলাদেশে পরিণত করতে যাচ্ছে। একনেকে এ সংক্রান্ত পল্লী জনপদ নামে একটি প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়েছে।

“সরকারের এ মেয়াদেই পদ্মার দুই পাড়কে ঘিরে হংকং-এর মত টাউনশিপ গড়ে তোলা হবে। এতে করে কৃষি জমি বাঁচবে। এখন থেকে নগরায়ন হবে ভার্টিক্যাল স্ট্রাকচারকে ভিত্তি করে। এর ফলে দেখা যাবে কিশোরগঞ্জের মত এলাকাতেও ১৫ তলার একটি বিল্ডিং স্থাপিত হচ্ছে।

“উপকূলীয় অঞ্চলের ২৬ ভাগ জমিতে লবণ ঢুকেছে। এটা এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমাদেরকে এটাও ভাবতে হবে অর্থনৈতিক উন্নয়ন যেন পরিবেশ বান্ধব হয়।”

বাংলাদেশ মহিলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি হাসিনা নেওয়াজ বলেন, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশে আটকে আছে।

“এ শিকল থেকে বের হতে হলে দেশের জনসংখ্যার অর্ধেক নারী সমাজকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করার সুযোগ সৃষ্টি করতে হবে।”

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের আগে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিদের মতামত নিতেই এ আলোচনার আয়োজন করা হয়।