২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিডির মান ভয়াবহ: মুহিত

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণার মান নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 10:19 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

পুরনো খবর:

দুর্নীতি চরিত্রের ব্যাপার: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “প্রতিষ্ঠানটির মান দিন দিন নামছে। এটা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের ভাল কোনো কিছুই তাদের চোখে পড়ে না। এর বেশি তাদের সম্পর্কে আর কিছু আমি বলতে চাই না।”

এর আগেও বিভিন্ন সময় অর্থমন্ত্রী সিপিডির সমালোচনা করেছেন।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে সরকারের বক্তব্যের বিরোধিতা করে সম্প্রতি সিপিডি বলেছে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হতে পারবে না।

সরকারের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

দারিদ্র্যের হার হ্রাস, মাথাপিছু আয় ১১৯০ ডলারে উন্নীত, ধারাবাহিক ৬ শতাংশের উপরে জিডিপি প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন সূচকের উন্নতিসহ নানা যুক্তি উপস্থাপন করে অর্থমন্ত্রী মুহিত বলে আসছেন, ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সিপিডির গবেষণা উদ্দেশ্যমূলক বলে সমালোচনা করেন।

তিনি সাংবাদিকদের বলেন, “বিশ্বের সবাই যখন বলছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তখন সিপিডি বলছে নেগেটিভ।”

বৃহস্পতিবারও তোফায়েল আহমেদ বলেছেন, সিপিডি, টিআইবি কোনোদিনই পজিটিভ বাংলাদেশের কথা বলেনি। বাংলাদেশের ভালোটা তারা দেখতে পায় না।

বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতির বিশ্বজনীন ধারণা সূচক বা সিপিআই-২০১৪ প্রকাশ করে। এ সূচক অনুযায়ী বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম। আগের বছরে ছিল ১৬তম স্থানে।

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক নম্বরে আছে যৌথভাবে সোমালিয়া ও উত্তর কোরিয়া। আর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক।

টিআইবির  প্রতিবেদন সম্পর্কে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে যা বলার সিলেটে বলেছি। দুর্নীতিতে  আমরা ১৪তম হলাম নাকি ১৫ তম হলাম সেটা বড় বিষয় নয়। আমরা কখনও উপরে উঠেছি আবার কখনও নিচে নেমেছি। দেশের অর্থনীতির অবস্থা ভালো হলে দুর্নীতি কমে। এক সময় বলা হতো সরকারি অফিসে বেতন-টেতন খুব কম। এ কারণে দুর্নীতি হয়।  সে কারণে আমরা ৫ বছর আগে বেতন ৬২ শতাংশ বাড়িয়েছি। গত ৪০ বছরে যেটা হয়নি।

“এরপরও  দুর্নীতি কমেছে তা বলা যাবে না। এটা খুবই দুঃখের বিষয়। এ অবস্থা কীভাবে মোকাবেলা করা যায় তা আমাদের দেখতে হবে। এটা অনেকটা চারিত্রিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে অর্থমন্ত্রী সফররত জার্মানির শ্রম ও সমাজসেবা প্রতিমন্ত্রী জর্গ আসমুমেনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

ওই বৈঠক নিয়ে মুহিত বলেন, “জার্মানি আমাদের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে ছিল। এখনো বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তারা সহযোগিতা দিচ্ছে।”